চোটে পিছিয়ে গেল আল হিলালে নেইমারের অভিষেক
ব্রাজিলিয়ান তারকাকে আগামী মাসের মাঝামাঝি সময়ে পাওয়ার আশা ক্লাবটির কোচ জর্জে জেসুসের।
নতুন ক্লাবের হয়ে অভিষেকের জন্য অপেক্ষা বাড়ল নেইমারের। চোটের কারণে আপাতত মাঠের বাইরেই থাকতে হবে ব্রাজিলিয়ান তারকাকে। আল হিলালের কোচ জর্জে জেসুসের আশা, আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি ফিরবেন এই ফরোয়ার্ড।
পিএসজি ছেড়ে দুই বছরের চুক্তিতে গত সপ্তাহে আল হিলালে নাম লেখান নেইমার। গণমাধ্যমের খবর অনুযায়ী, সাবেক বার্সেলোনা ফুটবলারের জন্য সৌদি প্রো লিগের ক্লাবটি গুনেছে ৯ কোটি ইউরো। বছরে নেইমারের বেতন ১৬ কোটি ইউরো।
স্বাভাবিকভাবেই দলের সবচেয়ে বড় তারকাকে দেখার জন্য আল হিলাল সমর্থকরা উদগ্রীব হয়ে আছেন। শনিবার কিং ফাহদ আন্তর্জাতিক স্টেডিয়ামে নেইমারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ৬০ হাজার দর্শক। তবে তাকে মাঠে দেখার জন্য তাদের আরেকটু অপেক্ষা করতে হবে এখন।
ওই অনুষ্ঠানের পর দলটির কোচ জেসুস তুলে ধরেন নেইমারের সবশেষ পরিস্থিতি ও তার ফেরার সম্ভাব্য সময়।
“নেইমার উদ্ভাবনী মেধাসম্পন্ন ও সৃজনশীল খেলোয়াড়, সে আমাদের উন্নতি করতে সাহায্য করবে। তবে এখন তার সামান্য চোট রয়েছে এবং আমি জানি না, সে কবে ফিরবে। সম্ভবত সেপ্টেম্বরের মাঝামাঝি সে প্রস্তুত হয়ে উঠবে।”
শনিবার রাতে আল-ফায়হার বিপক্ষে মাঠে নামে আল হিলাল। গ্যালারিতে নেইমারের উপস্থিতিতে সৌদি প্রো লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র করে হিলাল।
চোটাক্রান্ত হওয়ার পরও আগামী মাসে অনুষ্ঠেয় ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে নেইমারকে। এতে বিস্মিত জেসুস।
“আমি জানি না, এই অবস্থায় তাকে কীভাবে ব্রাজিল দলে ডাকতে পারে, সে প্রস্তুত নয়।”
কাতার বিশ্বকাপের পর আর ব্রাজিলের হয়ে খেলেননি নেইমার। গত ফেব্রুয়ারিতে অ্যাঙ্কেলের চোট পাওয়ার পর মৌসুম শেষ হয়ে যায় তার। এরপর মাঠে ফেরেন পিএসজির প্রাক-মৌসুম প্রস্তুতির ম্যাচ দিয়ে।
