২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

এই নিয়ে শেষ দুই ম্যাচে ৭ গোল করলেন লিওনেল মেসি।

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

দলের তৃতীয় গোলের পর লিওনেল মেসির উচ্ছ্বাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2022, 08:02 AM

Updated : 24 Sep 2022, 08:23 AM

ছুটছেন লিওনেল মেসি, ছুটছে আর্জেন্টিনা। অধিনায়কের কাঁধে চেপে আরেকটি অনায়াস জয় তুলে নিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ যাত্রায় তার জোড়া গোলে হন্ডুরাসকে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেসের গোলে দল এগিয়ে যাওয়ার পর দুবার জালে বল পাঠান মেসি।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত কেবল বল দখলেই নয়, আক্রমণেও একচেটিয়া আধিপত্য করে আর্জেন্টিনা। প্রথমার্ধে নিজেদের অর্ধ থেকে বেরই হতে পারেনি হন্ডুরাস, পরের অর্ধেও চিত্রপটে তেমন পরিবর্তন আসেনি।

দ্রুত গোলও পেয়ে যায় আর্জেন্টিনা। ষোড়শ মিনিটে ডি-বক্সে থ্রু পাস দেন মেসি। অফসাইডের ফাঁদ ভেঙে ছুটে গিয়ে বাঁ দিক থেকে প্রথম ছোঁয়ায় পাপু গোমেজ বল বাড়ান ছয় গজ বক্সে, তার দিকে গোলরক্ষক আগেই এগিয়ে যাওয়ায় স্লাইড শটে ফাঁকা জালে বল পাঠান মার্তিনেস।

বিরতির ঠিক আগে মেলে দ্বিতীয় গোলের দেখা। ডি-বক্সে জিওভানি লো সেলসো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। নিখুঁত স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

দ্বিতীয়ার্ধেও একইভাবে চলতে থাকে ম্যাচ। ৬০তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুবর্ণ সুযোগ পান মার্তিনেসের বদলি নামা হুলিয়ান আলভারেস। সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক, কিন্তু তার গায়ে মেরে বসেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড।

একপেশে লড়াইয়ের ৬৯তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন মেসি। এনসো ফের্নান্দেসের চাপের মুখে বল হারিয়ে ফেলে হন্ডুরাসের কেরভিন। আলগা বল পেয়ে ২৫ গজ দূর থেকে স্কুপ শট নেন মেসি, আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে তা খুঁজে নেয় ঠিকানা।

সাতবারের ব্যালন ডি’অর জয়ীর জাতীয় দলের হয়ে গোল হলো ৮৮টি। আন্তর্জাতিক ফুটবলে এখন তার চেয়ে বেশি গোল আছে কেবল তিন জনের; ক্রিস্তিয়ানো রোনালদো, আলি দাই ও মোখতার দাহারির।

৮৪তম মিনিটে হ্যাটট্রিক হতে পারতো পিএসজি তারকার। কিন্তু ছয় গজ বক্সের বাইরে থেকে তার লাফিয়ে নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

এই নিয়ে রেকর্ড ৩৪ ম্যাচ অপরাজিত রইলো লিওনেল স্কালোনির দল। আর এই যাত্রায় সবশেষ তিন ম্যাচে ১১ গোল করল দলটি, হজম করেনি একটিও।

এই ১১ গোলের সাতটিই মেসির; গত জুনে এস্তোনিয়ার বিপক্ষে দলের ৫-০ ব্যবধানের জয়ে সবকটি গোলই করেছিলেন তিনি।

বিশ্বকাপের বছরে অধিনায়কের এমন দুর্দান্ত পারফরম্যান্স আর্জেন্টিনা দলের জন্য দারুণ ব্যাপার। পরের প্রীতি ম্যাচে আগামী বুধবার জ্যামাইকার মুখোমুখি হবে গত বছরের কোপা আমেরিকা জয়ীরা।