হলান্ড ও গুয়ার্দিওলার রেকর্ডের রাতে সিটির উচ্ছ্বাস ও শঙ্কার দোলাচল
বায়ার্নের বাধা পেরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠলেও ক্লান্ত-শ্রান্ত দলকে নিয়ে এফএ কাপ সেমির আগে দুর্ভাবনায় ম্যানচেস্টার সিটি কোচ।
ম্যাচ না হারার স্বস্তি আছে। আরও একবার সেমি-ফাইনালে ওঠার উচ্ছ্বাস আছে। রেকর্ড গড়ার তৃপ্তি আছে। পাশাপাশি সামনে তাকিয়ে শঙ্কাও কিছুটা পেয়ে বসছে পেপ গুয়ার্দিওলাকে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের তুমুল লড়াই শেষ হতে না হতেই যে অপেক্ষায় এফএ কাপের সেমি-ফাইনাল! ম্যানচেস্টার সিটি কোচ অকপটেই বললেন, তার দল খুবই ক্লান্ত ও শ্রান্ত থাকবে এই লড়াইয়ে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ৩-০ গোলের জয়ে কাজ অনেকটাই এগিয়ে রেখেছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগে বুধবার বায়ার্ন মিউনিখের মাঠে ১-১ গোলে ড্র করে শেষ চারে পৌঁছে যায় গুয়ার্দিওলার দল।
আলিয়াঞ্জ অ্যারেনায় এ দিন প্রথমার্ধে বায়ার্ন দাপট দেখালেও এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় সিটি। কিন্তু পেনাল্টি পেয়ে বল আকাশে উড়িয়ে দেন আর্লিং হলান্ড। সিটির গোল মেশিন নতুন ক্লাবের হয়ে এই প্রথম হাতছাড়া করলেন পেনাল্টি থেকে গোল করার সুযোগ। ক্যারিয়ারে ২৮টি পেনাল্টি নিয়ে মাত্র ২টিতে তিনি গোল করতে পারলেন না। সবশেষটি ছিল ১৮ পেনাল্টি আগে!
তবে সেই হতাশা তিনি দ্বিতীয়ার্ধেই পুষিয়ে দেন। ৫৭তম মিনিটে তার গোলেই ম্যাচে এগিয়ে যায় সিটি। হলান্ডের গোল মানেই এখন রেকর্ড বইয়ে নাড়াচাড়া। চ্যাম্পিয়ন্স লিগে ৩৫ গোল হয়ে গেল তার ২৭ ম্যাচেই। এত দ্রুত এই মাইলফলকে পৌঁছতে পারেননি আর কেউ।
বয়সের দিক থেকেও তিনি সর্বকনিষ্ঠ। ৩৫ গোলে আগে সবচেয়ে কম বয়সী ছিলেন কিলিয়ান এমবাপে (২৩ বছর ২৬০ দিন)। হলান্ডের লাগল স্রেফ ২২ বছর ২৭২ দিন।
হলান্ডের রেকর্ডের দিনে অর্জন আছে তার দল ও কোচেরও। এই নিয়ে টানা তিন মৌসুমে ইউরোপ সেরার লড়াইয়ে শেষ চারে পা রাখল সিটি। বলার অপেক্ষা রাখে না, প্রতিবারই কোচ গুয়ার্দিওলা।
সিটির আগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখে সাফল্যময় পথচলা মিলিয়ে মোট ১০ বার সেমি-ফাইনালে উঠলেন কোচ গুয়ার্দিওলা। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম কোচ হিসেবে সেমি-ফাইনাল যাত্রায় দুই অঙ্ক স্পর্শ করলেন তিনি।
গুয়ার্দিওলা উচ্ছ্বসিত বর্তমান ক্লাবকে আরও একবার সেমিতে নিতে পেরে। প্রথম লেগে বায়ার্নকে উড়িয়ে দিলেও দ্বিতীয় লেগ যে এতটা সহজ হবে না, সেটিও তিনি জানতেন আগে থেকেই।
“(সিটির হয়ে) টানা তিনটি সেমি-ফাইনাল খেলতে পেরে আমি দারুণ খুশি। বায়ার্ন এমন খেলবে বলেই ধারণা ছিল আমার, দেখেছেন তো যে তারা কতটা ভালো ছিল আজকে।”
“এই প্রতিযোগিতায় পার্থক্য গড়ে দেয় ছোট ছোট ব্যাপারগুলি। এই দুই ম্যাচে (কোয়ার্টার-ফাইনালে) সঠিক সময়ে আমরা ঠিক কাজটি করেছি। আজকে দ্বিতীয়ার্ধে আমরা কিছু জায়গা ঠিকঠাক করেছি এবং এরপর নিয়ন্ত্রণ অনেকটাই ফিরে পাই আমরা।”
এই ম্যাচের পর বিশ্রাম নিয়ে তরতাজা হওয়ার সুযোগ খুব একটা পাচ্ছে না সিটি। দুই দিন পরই যে মাঠে নামতে হবে আরেক আসরের সেমি-ফাইনাল খেলতে! এফএ কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে গুয়ার্দিওলার দল। কোচ নিজেও বুঝতে পারছেন না, এত দ্রুত দলকে আবার কীভাবে উজ্জীবিত ও চাঙা করা যাবে।
“দল ক্লান্ত, অবসন্ন। আমি জানি না, শনিবার শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে ছেলেরা কীভাবে চনমনে হয়ে উঠবে। খেলোয়াড়দের কাছে একটু বেশিই চাওয়া হয়ে যায় এটা… আমি তাই জানি না, শনিবারের ম্যাচে আমরা কীভাবে আবির্ভূত হব, কারণ পরিস্থিতি এখন খুব কঠিন।”
এফএ কাপ সেমি-ফাইনালের তিন দিন পরই আবার ইংলিশ প্রিমিয়ার লিগের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে লড়াই সিটির।
