২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চেলসির মতো এতটা খরচ করলে আমাকে শেষ করে ফেলা হতো’

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা বলছেন, চেলসির মতো এত বেশি খরচ করলে সংবাদমাধ্যমে তাকে শূলে চড়ানো হতো।

‘চেলসির মতো এতটা খরচ করলে আমাকে শেষ করে ফেলা হতো’

দলবদলের বাজারে খরচ নিয়ে সমালোচনার জবাব দিলেন পেপ গুয়ার্দিওলা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2023, 01:27 PM

Updated : 19 Aug 2023, 02:09 PM

দলবদলের বাজারে অন্য ক্লাবগুলির চেয়ে ম্যানচেস্টার সিটির প্রতি লোকের দৃষ্টিভঙ্গি ভিন্ন বলে মনে করেন পেপ গুয়ার্দিওলা। উদাহরণ হিসেবে তুলে ধরলেন তিনি চেলসিকে। ম্যানচেস্টার সিটি কোচের মতে, সাম্প্রতিক সময়ে চেলসি যত খরচ করেছে, অতটা খরচ তার ক্লাব করলে সংবাদমাধ্যমে তাকে শূলে চড়ানো হতো।

২০০৮ সালে আবু ধাবির শেখ মানসুর ম্যানচেস্টার সিটি কিনে নেওয়ার পর থেকেই দলবদলের বাজারে তাদের খরচ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা, কাটাছেঁড়া ও বিশ্লেষণ হয়ে আসছে। গুয়ার্দিওলা কোচের দায়িত্ব নেওয়ার পর তা বেড়েছে আরও। প্রিমিয়ার লিগের ক্লাবটির বিরুদ্ধে এখন আর্থিক নীতি ভঙ্গের ১১৫টি অভিযোগ নিয়ে তদন্ত চলছে।

গত বছর টড বোয়েলি ও ক্লিয়ারক্লার্ক ক্যাপিটাল কনসোর্টিয়াম চেলসি কিনে নেওয়ার পর থেকে দলবদলের বাজারে দেদার অর্থ ঢেলে তুমুল আলোচনার জন্ম দিয়েছে এই ক্লাবও। সব মিলিয়ে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ করে ফেলেছে তারা এতটুকু সময়েই।

সিটিতে নতুন কাউকে যোগ করার প্রসঙ্গে শুক্রবার সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা দলবদলের বাজারে চেলসির সঙ্গে তুলনা করলেন নিজেদের।

“(এত খরচ করলে) আমাদেরকে নিয়ে যে পরিমাণ কাটাছেঁড়া করা হতো, আপনারা কল্পনাও করতে পারবেন না। গত দুটি ট্রান্সফার উইন্ডোতে চেলসি যত খরচ করেছে, আমরা এতটা করলে আমি এখানে বসে থাকতে পারতাম না- আপনারা আমাকে শেষ করে ফেলতেন।”

Image

উয়েফা সুপার কাপ জিতে এবারের মৌসুম শুরু করেছেন কোচ গুয়ার্দিওলা।

“আমরা দেখব, দলবদলের বাজারে কী হয় এবং আমরা কিছু করতে পারি কি না ও এমন খরচ করতে পারি কি না, যেটিকে আমরা মনে করি ন্যায্য… দিনশেষে, আমরা ততটাই অর্থ খরচ করতে রাজি, যতটা উপযুক্ত বলে মনে করি। তা না হলে, আমাদের তো একাডেমি আছেই।”

চলতি দলবদলে প্রায় ৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলারে ক্রোয়াট ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওলকে নিয়েছে সিটি। এছাড়াও চেলসি থেকে মাতেও কোভাচিচকে নিয়েছে তারা ৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারে।

চলতি মৌসুমে চেলসি ছেড়ে দিয়েছে বেশ কজন ফুটবলারকে। শূন্যতা পূরণে দেরিও করেনি তারা। এখনও পর্যন্ত দলে যোগ করেছে ৮ ফুটবলারকে। চোখধাঁধানো অঙ্কে এই সপ্তাহেই ব্রাইটন থেকে দলে নিয়েছে তারা মোইসেস কাইসেদোকে। সংবাদমাধ্যমের খবর, ২১ বছর বয়সী মিডফিল্ডারের জন্য ১১ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করেছে তারা, যা ব্রিটিশ রেকর্ড। এরপর ৫ কোটি ৩০ লাখ পাউন্ডে দলে নিয়েছে তারা আরেক তরুণ মিডফিল্ডার রোমেও লাভিয়াকে।

গুয়ার্দিওলা অবশ্য বললেন, চেলসিকে নিয়ে অভিযোগ নেই তার। তিনি বলতে চাইছেন, দলবদলের খরচের ক্ষেত্রে শুধু আঙুল তোলা হয় তার ক্লাবের দিকেই।

“একটি সেকেন্ডের জন্যও চেলসির সমালোচনা করছি না আমি। শুধু বলতে চাইছি, আমরা যদি এরকম করি, আমরা শেষ। বিশ্বজুড়েই আমাদেরকে পিষে ফেলা হবে। কিন্তু তারা যা ইচ্ছা করতে পারে।”

“তারা যদি খরচ করচে চায়… জানি না, (বোয়েলি আসার পর) ৯০ কোটি পাউন্ড বা আরও বেশি খরচ করেছে, কারণ তাদের আছে (অর্থ)। ব্যবসা তো শেষ পর্যন্ত ব্যবসাই। তারা এই মৌসুমে অনেক ফুটবলারকে বিক্রিও করেছে, কাজেই অনেককে তারা দলে নিতেই পারে।”

গত সপ্তাহে বার্নলিকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে ম্যানচেস্টার সিটি। শনিবার তারা লড়বে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। চেলসি লিগ শুরু করেছে লিভারপুলের মাঠে ১-১ ড্র করে। রোববার তাদের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম।