২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচ ফুটবল থেকে ওভারমার্সের নিষেধাজ্ঞা এখন বিশ্বব্যাপী

আয়াক্সের ফুটবল পরিচালক থাকাকালীন নারী সহকর্মীদের অনুপযুক্ত বার্তা পাঠানোর জন্য নিষিদ্ধ ওভারমার্সকে রয়্যাল এন্টওয়ার্পের টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছাড়তে হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2024, 06:28 PM

Updated : 10 Jan 2024, 08:07 PM

নেদারল্যান্ডসের সাবেক উইঙ্গার মার্ক ওভারমার্সের নিষেধাজ্ঞার ব্যাপ্তি বেড়েছে। ডাচ ফুটবল থেকে বাড়িয়ে তার নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী করেছে ফিফা। তাই বাধ্য হয়ে বেলজিয়ামের দল রয়্যাল এন্টওয়ার্পের টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছাড়তে হচ্ছে তাকে। 

নেদারল্যান্ডসে সব ধরনের ফুটবল কর্মকাণ্ড থেকে গত নভেম্বরে ওভারমার্সকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে একটি স্বাধীন ডাচ স্পোর্টস ট্রাইব্যুনাল। এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। আয়াক্সের ফুটবল পরিচালক থাকাকালীন অনেক নারী সহকর্মীকে অনুপযুক্ত বার্তা পাঠানোর জন্য এই শাস্তি দেওয়া হয় তাকে। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে আয়াক্সের পদ ছাড়েন ওভারমার্স।

ফিফার বিবৃতিতে বলা হয়েছে, রয়্যাল নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএনভিবি) অনুরোধের পর ফিফা ডিসিপ্লিনারি কমিটি ওভারমার্সের নিষেধাজ্ঞাকে বিশ্বব্যাপী কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। 

১৯৯২ থেকে ১৯৯৭ পর্যন্ত আয়াক্সের হয়ে ১৩৬ ম্যাচ খেলেন ওভারমার্স। এই সময়ে ডাচ ক্লাবটির হয়ে একবার চ্যাম্পিয়ন্স লিগ, তিনবার ঘরোয়া লিগ, একবার ডাচ কাপ জেতেন তিনি। পরে আর্সেনালে যোগ দিয়ে জেতেন প্রিমিয়ার লিগ ও এফএ কাপের ‘ডাবল’। 

আর্সেনাল ছেড়ে তিনি নাম লেখান বার্সেলোনায়। কাতালান ক্লাবটিতে কাটান চার বছর। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ১০ বছর আয়াক্সের ফুটবল পরিচালক হিসেবে কাজ করেন তিনি। 

নারী সহকর্মীদের অনুপযুক্ত বার্তা পাঠানোর কারণে আয়াক্সের দায়িত্ব ছাড়ার সময় ওভারমার্স বলেছিলেন, “আমি বিব্রত। অবশ্যই আমার অবস্থানে থাকা কারো কাছ থেকে এই আচরণ অগ্রহণযোগ্য। এখন তা বুঝতে পারছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমি আয়াক্স ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না।”