২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে কোর্তোয়া

শুরুর আগেই শেষ হয়ে যেতে পারে রেয়াল মাদ্রিদের অভিজ্ঞ এই গোলরক্ষকের নতুন মৌসুম।

হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে কোর্তোয়া

থিবো কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 07:27 PM

Updated : 10 Aug 2023, 08:07 PM

নতুন মৌসুম শুরুর দুই দিন আগে বড় এক ধাক্কা খেল রেয়াল মাদ্রিদ। বাম হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন দলটির প্রথম পছন্দের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

অনুশীলনে বৃহস্পতিবার এই চোট পান তিনি। রেয়াল এক বিবৃতিতে জানিয়েছে, কয়েক দিনের মধ্যে অস্ত্রোপচার করানো হবে বেলজিয়ান গোলরক্ষকের। তার সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

তবে দা আথলেতিক-এর খবর, আগামী বছরের এপ্রিলের দিকে হয়তো মাঠে ফিরতে পারেন তিনি, এমনকি তার মৌসুম শেষ হয়ে যাওয়ার শঙ্কাও আছে।    

২০১৮ সালে চেলসি থেকে সান্তিয়াগো বের্নাবেউয়ে পা রাখার পর থেকে রেয়ালের নিয়মিত গোলরক্ষক কোর্তোয়া। মাদ্রিদের দলটির হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ২৩০ ম্যাচ। জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা।

কোর্তোয়া ছিটকে পড়ায় সিনিয়র গোলরক্ষক বলতে দলে আছেন এখন কেবল আন্দ্রি লুনিন। ইউক্রেইনের ২৪ বছর বয়সী এই গোলরক্ষক গত মৌসুমে রেয়ালের হয়ে খেলেন ১২ ম্যাচ।

আগামী শনিবার লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে রেয়াল।

কোর্তোয়ার চোট রেয়াল কোচ কার্লো আনচেলত্তির পাশাপাশি চিন্তার ভাঁজ ফেলবে বেলজিয়াম কোচের কপালেও। আগামী বছরের জুন-জুলাইয়ে জার্মানিতে হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। বাছাইয়ে ‘এফ’ গ্রুপে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে দুই নম্বরে আছে বেলজিয়াম।