‘ভাঁড়’ ভিনির ‘চড় প্রাপ্য’, পরিচালকের এমন মন্তব্যে দুঃখ প্রকাশ বার্সার
সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা বাজে মন্তব্য অবশ্য দ্রুতই সরিয়ে ফেলেন বার্সেলোনার পরিচালক মিকেল কাম্পস।
বারবার বর্ণবাদী আচরণের শিকার হওয়া ভিনিসিউস জুনিয়রের পক্ষে অবস্থান নিয়েছেন অনেকে। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও লড়াই চালিয়ে যাচ্ছেন ক্রীড়াঙ্গণ থেকে বর্ণবাদের বিষবাষ্প দূর করতে। সেখানে কিনা, বার্সেলোনার এক পরিচালক অশোভন মন্তব্য করলেন ভিনিসিউসকে নিয়ে!
রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে ‘ভাঁড়’ বলেছেন বার্সেলোনার পরিচালক মিকেল কেম্পস। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) করা পোস্টে তিনি ব্রাগার বিপক্ষে রেয়ালের জেতা ম্যাচে ভিনিসিউসের আচরণ নিয়ে আপত্তিকর ভাষায় পোস্ট দেন।
“এটা বর্ণবাদ নয়। ভাঁড় এবং জোকার হওয়ার কারণে তার চড় প্রাপ্য। মাঠের ভেতর এই অপ্রয়োজনীয় এবং অর্থহীন স্টেপ ওভারের মানে কী?”
ওই পোস্ট অবশ্য দ্রুতই মুছে ফেলেন কাম্পস। কিন্তু শেষ রক্ষা হয়নি। আগেই তা চাউর হয়ে যায়। নিজেদের পরিচালকের এমন মন্তব্যে বিব্রত বার্সেলোনা। শাখতার দোনেৎস্কের বিপক্ষে জয়ের পর ক্লাবটির সহ-সভাপতি রাফা ইউসতে ওই ইস্যু নিয়ে কথা বলেন। প্রতিশ্রুতি দেন ওই ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার।
“যদি ভিনিসিউস আমার কথা শুনে...আমি বলতে চাই, এই ঘটনার পুনরায় ঘটবে না। এমনকি যদিও এটা ভুল ছিল, কিন্তু এটা পোস্ট করা উচিত হয়নি; এটা একটা অনুপোযুক্ত পোস্ট।”
দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ সমর্থকদের দ্বারা বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন ভিনিসিউস। সবশেষ গত সপ্তাহান্তে লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচেও এই বাজে পরিস্থিতিতে পড়েন তিনি।
বার্সেলোনা পরিচালক এমন সময় ওই মন্তব্য করেছেন, যখন ক্লাসিকোয় মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আগামী শনিবার চলতি মৌসুমের প্রথম ক্লাসিকোয় লড়বে দুই দল। স্বাভাবিকভাবে ওই মন্তব্যে উত্তেজনার পারদ আরও উঁচুতে তুলবে।
শাখতারের বিপক্ষে জয়ের পর বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেসও প্রশ্নের মুখে পড়েন। ভিনিসিউসের প্রতি ওই মন্তব্য তার ভালো লাগেনি মোটেও।
“যদি তিনি পোস্ট মুছে ফেলেন, তাহলে এটা নিয়ে আমার কিছু বলার প্রয়োজন নেই। যে বিষয়গুলো উত্তেজনা ছড়ায়, সেগুলো আমি পছন্দ করি না। আমি কোনো উত্তেজনা সৃষ্টিকারী হব না। এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করাও বাজে আবহ তৈরি করে।”
স্প্যানিশ গণমাধ্যমের খবর, সামাজিক যোগাযোগের মাধ্যমে বার্সেলোনা পরিচালকের ওই মন্তব্যের প্রতিবাদে বার্সেলোনাতে হওয়া ম্যাচ বয়কট করার কথা জানিয়েছেন রেয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস।
