জয়ের পর আনচেলত্তি বললেন, ‘অদ্ভুত একটা ম্যাচ’
জোড়া গোল করা হোসেলুর প্রশংসায়ও পঞ্চমুখ হলেন রেয়াল মাদ্রিদ কোচ।
ইউনিয়ন বার্লিনের বিপক্ষে রেয়াল মাদ্রিদের জয় এসেছে ঠিকই, কিন্তু কঠিন লড়াইয়ে পেয়েছে তারা। ম্যাচের পরতে পরতে ছিল নানা নাটকীয়তা। লুকা মদ্রিচ পেনাল্টি মিস করার পরপরই পিছিয়ে পড়ে দলটি। ঘুরে দাঁড়িয়ে শেষ দিকে রেয়ালের জয়যাত্রা আটকে দিতে বসেছিল ইউনিয়ন বার্লিন, কিন্তু পারেনি। জয়ের পর তাই রেয়াল কোচ কার্লো আনচেলত্তির মনে হচ্ছে ‘অদ্ভুত এক ম্যাচ’ জিতেছে তার দল।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচটি ৩-২ গোলে জেতে রেয়াল। প্রথমার্ধের যোগ করা সময়ে ইউনিয়ন বার্লিনকে এগিয়ে নেন কেভিন ভলান্ড। পরে হোসেলুর জোড়া গোলে রেয়াল এগিয়ে যায়। শেষ দিকে অ্যালেক্স ক্রাল সমতা ফিরিয়ে জমিয়ে তোলেন ম্যাচ, কিন্তু দানি সেবাইয়োস নিশ্চিত করেন রেয়ালের জয়।
গ্রুপের ছয় ম্যাচের সবগুলো জিতে নকআউট পর্বে পা রাখল প্রতিযোগিতার রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রেয়াল। তবে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ পর্বের বৈতরণী পেরুলেও ইউনিয়ন বার্লিনের বিপক্ষে, বিশেষ করে হোসেলুকে নিয়ে কিছু পরিকল্পনার বাস্তবায়ন হয়নি বলে মুভিস্টারের সঙ্গে আলাপচারিতায় জানালেন আনচেলত্তি।
“কিছুটা অদ্ভুত একটা ম্যাচ ছিল। আমরা ভালোভাবে ৪০ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রণ করলাম এবং দুই পাগলাটে মিনিটে (গোল করে) ম্যাচটা আমাদের জন্য তারা কঠিন করে তুলল।”
“দ্বিতীয়ার্ধে আমরা আরেকটু বেশি কার্যকরী হওয়ার চেষ্টা করলাম। বেশি ক্রস বাড়ানোর চেষ্টা করছিলাম, কেননা, আমাদের বাতাসে খুব ভালো করার মতো একজন (হোসেলু) খেলোয়াড় আছে। সে হেডে দুটি গোল করল এবং এই কাজটা আমরা প্রথমার্ধে করতে পারিনি। হোসেলুর মতো একজন স্ট্রাইকার থাকলে, আরও বেশি ক্রস বাড়ানোর চেষ্টা করতে হবে।”
বিরতির সময় ফেদে ভালভেরদেকে তুলে নেন আনচেলত্তি। তাতে শঙ্কা জাগে দলটির চোটের মিছিলে আরও একজন যোগ দিল কিনা, তা নিয়ে। তবে আনচেলত্তি জানালেন পরিকল্পনা অনুযায়ীই ওই সিদ্ধান্ত নেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের মিশন আপাতত শেষ রেয়ালের। এখন তারা মনোনিবেশ করবে লা লিগায়। আগামী রোববার নিজেদের মাঠে মুখোমুখি হবে ভিয়ারেয়ালের।
লিগ টেবিলে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রেয়াল। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা। ৩৪ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে আতলেতিকো মাদ্রিদ তৃতীয় ও বার্সেলোনা রয়েছে চতুর্থ স্থানে। আতলেতিকো একটি ম্যাচ কম খেলেছে।
