Published : 20 Sep 2026, 10:06 PM
কোপেনহেগেনে ওয়ার্ল্ড রোড রানিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পথে শুধুমাত্র নারীদের হাফ ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়েছেন কেনিয়ার অ্যাগনেস এনগেটিচ।
২৫ বছর বয়সি এই অ্যাথলেট রোববার দৌড় শেষ করতে সময় নেন এক ঘণ্টা পাঁচ মিনিট ১৫ সেকেন্ড। তিনি এক সেকেন্ডের ব্যবধানে ভেঙে দেন আগের রেকর্ডটি; যেটি গড়েছিলেন তারই স্বদেশি পেরেস জেপচিরচির, ২০২০ সালে ওয়ার্ল্ড হাফ ম্যারাথনে সোনা জয়ের পথে।
সামগ্রিকভাবে নারীদের হাফ ম্যারাথনে (পুরুষ ও নারী মিশ্র ইভেন্টসহ) বিশ্বরেকর্ডটি অবশ্য ইথিওপিয়ার লেতেসেনবেত গিদেয়ের, যিনি ২০২১ সালে এক ঘণ্টা দুই মিনিট ৫২ সেকেন্ড সময় নিয়েছিলেন।
এনগেটিচ এর আগে ২০২৫ সালের এপ্রিলে ১০ কিলোমিটার দৌড়ে নতুন বিশ্বরেকর্ড গড়েন। শুধুমাত্র নারীদের জন্য আয়োজিত কোনো দৌড় প্রতিযোগিতায় তিনিই প্রথম নারী হিসেবে ৩০ মিনিটের কম সময়ে (২৯ মিনিট ২৭ সেকেন্ড) ওই দূরত্ব অতিক্রম করেন।