২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আক্রমণে অকার্যকারিতাই ডুবিয়েছে: সাবেইয়া

শিরোপা স্বপ্নের সমাধি হওয়ার পরও দলের খেলায় খুশি আলেহান্দ্রো সাবেইয়া। লিওনেল মেসি আর গনসালো হিগুয়াইনদের গোলের সামনে অকার্যকারিতার কারণেই দল হেরে গেছে বলে মনে করেন আর্জেন্টিনা কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 10:29 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

রোববার মারাকানা স্টেডিয়ামে জার্মানির কাছে ফাইনালে ১-০ গোলে হেরে শিরোপা স্বপ্নের সমাধি হয় আর্জেন্টিনার। তবে ম্যাচ শেষে দলের প্রশংসাই করেন সাবেইয়া।

"অসাধারণ একটা বিশ্বকাপ কাটিয়েছে তারা। দোষ দেয়ার কিছু নেই।"

জার্মানির কাছে ন্যূনতম ব্যবধানে হারার একটাই কারণ খুঁজে পান সাবেইয়া। বহুল আলোচিত আর্জেন্টিনার আক্রমণভাগ প্রতিপক্ষের গোলের সামনে একটু যেন অসাড় আর অকার্যকর ছিল।

মেসি, হিগুয়াইন, সের্হিও আগুয়েরো আর এসেকিয়েল লাভেস্সিরা ভালো কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। এই পর্যায়ের একটি ম্যাচে মেসি-হিগুয়াইন-আগুয়েরোদের এমন অকার্যকারিতা পরাজয়ের জন্য যথেষ্ট মনে করেন সাবেইয়া।

"আমাদের আজ (রোববার) সুযোগ ছিল। কিন্তু আমাদের গোলের সামনে অকার্যকারিতাও ছিল।... যখন আপনি সুযোগ পাবেন, তখন কাজে লাগাতে হবে।"

সহজ সুযোগ নষ্ট করেন নাপোলির ফরোয়ার্ড হিগুয়াইন। পালাসিও ব্যর্থ হন। এমনকি মেসিও ভালো একটা সুযোগকে কাজে লাগাতে পারেননি।

সব মিলিয়ে এমন ম্যাচে এটা কাঙ্খিত নয় বলেই মনে করেন সাবেইয়া।

"এই ধরণের বড় ম্যাচে আপনি যদি ভুল করেন এবং গোল হতে দেন, তাহলে ফিরে আসাটা কঠিন।"