সোনালি বলের লড়াইয়ে তারা
‘সোনালি পৃথিবী’র বিশ্বকাপ ট্রফি জয়ের জন্য ফাইনালে লড়ছে আর্জেন্টিনা ও জার্মানি। আর ছোট্ট সোনালি বলের প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন ১০ জন। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই বিশ্বসেরাদের কাতারে থাকা তারকাদের সঙ্গে চমক জাগানো কয়েকজন আছেন ‘গোল্ডেন বল’ পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায়।
ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ এবারের পুরস্কারের জন্য করে দিয়েছে এই ১০ জনের একটি তালিকা। সেখান থেকেই বেছে নেয়া হবে সেরা খেলোয়াড়, হাতে তুলে দেয়া হবে 'গোল্ডেন বল'।
আনহেল দি মারিয়া (আর্জেন্টিনা)
বিশ্বকাপে আর্জেন্টাইন অর্কেস্ট্রার কন্ডাক্টর নিঃসন্দেহে লিওনেল মেসি। আর তাতে যথার্থ সংগত যে দিচ্ছেন আনহেল দি মারিয়া, সেটি নিয়েও সন্দেহ সামান্য। বল পায়ে তার গতি, ড্রিবলিং এবং আঁকাবাঁকা দৌড় প্রতিপক্ষকে ধাঁধায় ফেলে দেয় প্রায়শ। ফিনিশিং দারুণ। মেসির সঙ্গে এই উইঙ্গারের ফুটবল-তরঙ্গও যায় মিলে। সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খুদে জাদুকরের পাসে দি মারিয়ার গোলটি এর যথার্থ প্রমাণ।
চোটের কারণে কোয়ার্টার-ফাইনালের প্রথমার্ধে মাঠ ছেড়ে যেতে হয় তাকে। সেমি-ফাইনাল তাই খেলতে পারেননি।
মাটস হুমেলস (জার্মানি)
বিশ্বকাপ জুড়েই জার্মান রক্ষণের হৃৎপিন্ডে খেলছেন দুর্দান্ত। জুটি হিসেবে পের মেরটাজাকার কিংবা জেরোম বোয়াটেং যেই থাকুন, মাটস হুমেলস বরাবরই আস্থার সমার্থক। জার্মান রক্ষণকে রাখছেন জমাট। আর শুধু তো রক্ষণেই শেষ নয় বরুশিয়া ডর্টমুন্ডের এই সেন্টার হাফের দায়িত্ব। অন্য প্রান্তে হানা দিয়ে দুটি গোলও আদায় কয়ে নিয়েছেন। এর মধ্যে পরাশক্তি পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচের গুরুত্বপূর্ণ প্রথম গোলটি তার। আর ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের মহাগুরুত্বপূর্ণ একমাত্র গোলটিও।
টনি ক্রুস (জার্মানি)
এত দিন একটু যেন আড়ালেই ছিলেন টনি ক্রুস। ক্লাব বায়ার্ন মিউনিখে যেমন, তেমনি জাতীয় দল জার্মানিতেও। এই বিশ্বকাপে আড়াল ছেড়ে প্রকাশ্যে এলেন আলোকিত পারফরম্যান্স দিয়ে। বিশেষত ব্রাজিলকে ৭-১ গোলে হারানো ম্যাচে যেমনটা খেলেছেন ক্রুস, সেটি সহজে ভুলবেন না ফুটবলপ্রেমীরা।
মাঝ মাঠে আধিপত্য নিয়ে খেলেছেন তিনি সব ম্যাচে। ছোট-বড় পাসে জার্মানির অ্যাটাকিং থার্ডে খেলার চাবিকাঠি থাকে ক্রুসের কাছেই। এর মধ্যে ৮৫.৪ শতাংশ পাস খুঁজে পেয়েছে সতীর্থদের। দূরপাল্লার শটে প্রতিপক্ষ গোলরক্ষকদের পরীক্ষাও নেন প্রায়শ। বিশ্বকাপের ছয় ম্যাচে দুই গোলের পাশাপাশি চারটি অ্যাসিস্টও আছে ক্রুসের। দলের অন্যতম সেরা খেলোয়াড় তাই তিনি। টুর্নামেন্ট সেরা হওয়ারও দাবিদার।
ফিলিপ লাম (জার্মানি)
পারলে দুই জন ফিলিপ লামকে খেলাতেন ইওয়াখিম লুভ। একজনকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, অন্যজনকে উইং ব্যাক। আর দুই পজিশনেই তিনি বিশ্বকাপের সেরা পারফরমারের দাবিদার।
জার্মান কোচ শুরুতে লামকে খেলিয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডে। ক্লাব বায়ার্ন মিউনিখে পেপ গার্দিওলা গত মৌসুমে যে পজিশনে তাকে খেলিয়েছেন। সেখানে দুর্দান্ত খেললেও পরে রক্ষণকে আরো মজবুত করার জন্য লামকে নিয়ে আসা হয় উইংব্যাকে। মনে হল, যেন কখনো নিজের পজিশন ছেড়েই যাননি!
হাভিয়ের মাসচেরানো (আর্জেন্টিনা)
সংবাদ শিরোনামে বারবার আসেন আর্জেন্টিনার আক্রমণভাগের ফুটবলাররা। কিন্তু তাদের ফাইনালে উত্তরণে রক্ষণভাগের ভূমিকাও কম নয়। রক্ষণের সামনে প্রাচীর হয়ে থাকা হাভিয়ের মাসচেরানোর তাই প্রশংসা প্রাপ্য।
সবচেয়ে বড় প্রশংসাটা সেমি-ফাইনালে বীরত্বের জন্য। আরিয়েন রবেন শেষ মুহূর্তে গোলটি তো করেই ফেলেছিলেন প্রায়, যদি না শেষ মুহূর্তে ওই অবিশ্বাস্য ট্যাকেলটি করতেন মাসচেরানো। ম্যাচের পর ম্যাচ সিংহের বিক্রমে লড়েছেন তিনি। আবার আরেক রক্ষণমনষ্ক লুকাস বিগলিয়াকে পাওয়ার পর আক্রমণেও মাঝে মধ্যে যোগ দিচ্ছেন মাসচেরানো।
তবে বিশ্বকাপ চলার সময় শততম আন্তর্জাতিক ম্যাচ খেলা এই মিডফিল্ডারকে সবচেয়ে বেশি করে মনে রাখা হবে ওই ট্যাকেলটির জন্য। আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে তো আরো বেশি করে!
লিওনেল মেসি (আর্জেন্টিনা)
এক-দুই-তিন-চার। আর্জেন্টিনার খেলা বিশ্বকাপের প্রথম চার খেলাতেই ম্যান অব দ্য ম্যাচ লিওনেল মেসি। আগের বিশ্বকাপের দুঃস্বপ্ন পিছু ফেলে যে ঝলসে উঠেছেন তিনি।
তিন খেলাতে করেছিলেন চার গোল। এরপর নকআউট পর্বের তিন খেলাতে আর গোল পাননি বটে। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলের পাস আর বেলজিয়ামের বিপক্ষে গোলমুখ খুলে দেওয়া ‘মুভ’-এর শুরু -ম্যাচের বাঁক বদলের মুহূর্তগুলো সবই তাঁর। গোল্ডেন বল জয়ের সবচেয়ে বড় দাবিদার তাই মেসিই।
টমাস মুলার (জার্মানি)
মেসির মিশন ছিল চার বছর আগের দুঃস্বপ্ন ভোলার। ওদিকে টমাস মুলারের অবস্থান ঠিক উল্টো মেরুতে। গতবারের শেষ থেকে এবারের শুরুর অভিযান ছিল তাঁর। আর তাতে প্রায় শতভাগ সফল জার্মান ফরোয়ার্ড। দক্ষিণ আফ্রিকার স্বপ্নের পারফরম্যান্স ধরে রেখেছেন তিনি ব্রাজিলেও।
২০১০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার ‘গোল্ডেন বুট’ জিতেছিলেন মুলার। এবার পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেই জানান দিয়েছেন, ট্রফিটা তার কাছ থেকে কেড়ে নেওয়া কঠিন হবে। এখন পর্যন্ত পাঁচ গোল করে হামেস রদ্রিগেসের এক ধাপ পেছনে আছেন মুলার। তবে তিন অ্যাসিস্টের কারণে ফাইনালে একটি গোল দিলেই ‘গোল্ডেন বুট’ জেতার সমূহ সম্ভাবনা থাকবে তার। ধারাবাহিকতায় ‘গোল্ডেন বল’ও নয় কেন!
নেইমার (ব্রাজিল)
আছেন বটে তিনি শীর্ষ দশে, তবে চূড়া জয় করা হবে না তার। আততায়ী চোটের কারণে কোয়ার্টার-ফাইনালে শেষ হয়ে যায় নেইমারের বিশ্বকাপ। সেই সঙ্গে ‘গোল্ডেন বল’ জয়ের সম্ভাবনাও।
নইলে গল্পটি কী ভিন্ন রকমই না হতে পারত! ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের কক্ষপথে রেখেছিলেন নেইমার। শুধু চার গোল কিংবা এক অ্যাসিস্টে না, জাদুকরী ড্রিবলিং আর চোখ ঝলসানো স্কিলেও। যতক্ষণ নেইমার ছিলেন ১৯৫০ সালের মারাকানার দুঃখ ভোলার পথে ছিল ব্রাজিলও। তিনি ছিটকে যেতেই ছিটকে গেল ‘সেলেসাও’। তবে যখন মাত্র ২২ বছর, সামনের বিশ্বকাপে নিশ্চয়ই আবার সুযোগটা পাবেন তিনি। বিশ্বকাপ ট্রফি জেতার, গোল্ডেন বল জয়েরও।
আরিয়েন রবেন (নেদারল্যান্ডস)
শুধু আর্জেন্টিনার বিপক্ষে সেমি-ফাইনালটিই ব্যতিক্রম। নইলে টুর্নামেন্টের বাদবাকি ছয় ম্যাচেই চোখ ধাঁধানো পারফরম্যান্স আরিয়েন রবেনের। সেটি এমনই যে, আর্জেন্টিনার কাছে টাইব্রেকার-লটারিতে না হারলে ‘গোল্ডেন বল’-এর সবচেয়ে বড় দাবিদার হতেন এই ডাচ ফরোয়ার্ড।
গতি রবেনের বরাবরের সম্পদ। বল পায়ে ড্রিবলিং করতে করতে যে গতিতে দৌড়ান, সেটি অবিশ্বাস্য বললেও কম বলা হয়। স্পেনকে লজ্জায় ডোবানো ম্যাচে নিজের দ্বিতীয় গোল করার সময় রবেনের দৌড়টি ফুটবল মাঠের রেকর্ডে দ্রুততম। ৩০ বছরের এই ডাচ-জাদুকর ব্রাজিল বিশ্বকাপে ছয় ম্যাচে খেলেছেন ঠিক ৬০০ মিনিট। তাতে তিন গোলের পাশাপাশি এক অ্যাসিস্ট তার। সঙ্গে বল পায়ে তাঁর ছন্দময়-গতিময় অগুনতি দৌড় তো আছেই।
হামেস রদ্রিগেস (কলম্বিয়া)
ব্রাজিল বিশ্বকাপ আকাশে ধূমকেতুর মতো আবির্ভাব তার। টুর্নামেন্টের সম্ভাব্য তারকা হিসেবে তাকে ধরা হচ্ছিল বটে। কিন্তু এভাবে যে দশ দিক আলোকিত করে ঝলসে উঠবেন, এতটা বোঝা যায়নি। পারফরম্যান্স দিয়ে সত্যি সবার মন জয় করে নিয়েছেন এই কলম্বিয়ান! এখন তাই সবার মুখে রদ্রিগেসের জয়ধ্বনি।
‘লস কাফেতেরস’রা এবারই প্রথম উঠল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে। সেখানে তার অবদান আর্জেন্টিনার সাফল্যে লিওনেল মেসির চেয়েও বেশি। ৩৯৯ মিনিট খেলেই করেছেন ৬ গোল। ফাইনালের আগ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার ‘গোল্ডেন বুট’-এর দৌড়ে রদ্রিগেস সবার চেয়ে এগিয়ে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে অবিস্মরণীয় এক ফুটবল মুহূর্তের উপহার দিয়েছিলেন তিনি। পেনাল্টি এরিয়ার বাইরে বুক দিয়ে বল রিসিভ করে, সেটি মাটিকে পড়তে দেওয়ার আগে চকিত টার্নে বাঁ পায়ের ভলিতে অসাধারণ এক গোল করেছিলেন রদ্রিগেস।
