টাইব্রেকার ভাগ্যে এগিয়ে জার্মানি
এবারের ফাইনালটি টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা কতটুকু? এর আগের ১৯টি বিশ্বকাপের ১৮টি ফাইনালের (১৯৫০ সালে ফাইনাল হয়নি) দুটিতে কেবল টাইব্রেকারে শিরোপার নিষ্পত্তি হয়েছে। মারাকানার ফাইনাল টাইব্রেকারে গড়ালে পরিসংখ্যানে ভর করে তাতে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে থাকবে জার্মানি।
এক নজরে বিশ্বকাপে আর্জেন্টিনা ও জার্মানির টাইব্রেকার ভাগ্য:
আর্জেন্টিনা:
বিশ্বকাপে টাইব্রেকারে গড়ানো পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে আর্জেন্টিনা।
১৯৯০ সালে দুবার টাইব্রেকার ভাগ্য আর্জেন্টিনার পক্ষে যায়। কোয়ার্টার-ফাইনালে সাবেক যুগোস্লাভিয়া ও সেমি-ফাইনালে ইতালিকে হারায় আর্জেন্টিনা। ১৯৯৮ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারায় আর্জেন্টিনা।
তবে ২০০৬ সালে এই ভাগ্য পরীক্ষায় আর পেরে ওঠেনি আর্জেন্টিনা। জার্মানির কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নেয় তারা।
এই বিশ্বকাপেই সেমি-ফাইনালে নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা।
জার্মানি:
টাইব্রেকার নামের ভাগ্য পরীক্ষায় বিশ্বকাপে শতভাগ সফল জার্মানি। এ পর্যন্ত চার বার টাইব্রেকারে গিয়ে চারবারই জিতেছে তারা। এর মধ্যে একটি জয় রোববার ফাইনালের প্রতিপক্ষ আর্জেন্টিনার বিপক্ষেও।
১৯৮২ বিশ্বকাপে টাইব্রেকারে ফ্রান্সকে সেমি-ফাইনালে হারায় জার্মানি। ১৯৮৬ সালে কোয়ার্টার-ফাইনালে তারা জেতে মেক্সিকোর বিপক্ষে। ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনাল জেতে দলটি। আর ২০০৬ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে জার্মানি টাইব্রেকারে হারিয়েছিল আর্জেন্টিনাকে।
এই বিশ্বকাপে এ পর্যন্ত ৩৬টি পেনাল্টি কিকের ২৬টিতে গোল হয়েছে। এর মধ্যে আবার বাঁ পায়ে নেয়া কিকগুলোই বেশি সফল হয়েছে।
ডান পায়ের ২৫টি কিকের ১৭টি জালে পৌঁছেছে, ৮টি কিক লক্ষ্যে পৌঁছায়নি। ডান পায়ে কিক নেয়া খেলোয়াড়দের সাফল্য ৬৮ শতাংশ। আর বাঁ পায়ে নেয়া ১১টি কিকের ৯টিই জাল খুঁজে পেয়েছে; সাফল্য ৮২ শতাংশ।
