২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে আটকাতে ডাচ কৌশল ধার জার্মানির

সেমি-ফাইনালে নেদারল্যান্ডসের ডিফেন্ডাররা ভালোভাবেই বেধে রাখতে পেরেছিলেন আর্জেন্টিনার প্রাণ-ভোমরা লিওনেল মেসিকে। ফাইনালে ডাচদের সেই কৌশলই কাজে লাগানোর ঘোষণা দিয়েছে জার্মানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 12:53 AM

Updated : 13 Oct 2022, 12:20 PM

পুরনো খবর:

ডাচ ডি-বক্সে বলে স্পর্শ পাননি মেসি!

দুই যুগ পর জার্মানির শিরোপা স্বপ্নে সবচেয়ে বড় বাধা এই মেসিই। অবশ্য শেষ চারে তাকে বল নিয়ে ডি বক্সেই ঢুকতে দেননি ডাচ ডিফেন্ডাররা। এ থেকেই শিরোপা লড়াইয়ে টানা চারবারের বর্ষসেরা ফুটবলারকে শেকলবন্দী রাখার ছক কষছে জার্মানরা।

জার্মানির সহকারী কোচ হান্সি ফ্লিক জানান, আগের দিন ব্রাজিলকে বিধ্বস্ত করার পর পুরো জার্মান দল ও কোচিং স্টাফরা দেখেন নেদারল্যান্ডস-আর্জেন্টিনা ম্যাচটি।

পরে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা দেখেছি, নেদারল্যান্ডস কিভাবে মেসিকে আটকে রেখেছে।”

তবে মেসিকে আটকানোর বাকি কৌশল সাংবাদিকদের বলেননি সহকারী কোচ।

“আর্জেন্টিনার বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। আমাদের একটা পরিকল্পনাও আছে। তবে এখানে আপনাদের আমরা সেটা জানাচ্ছি না।”

গত আসরের কোয়ার্টার-ফাইনালে মেসির আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল জার্মানি। ওই ম্যাচেও ছিলেন মেসি; কিন্তু জার্মান রক্ষণ ভাঙতে ব্যর্থ হন তিনি।  

রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে আগামী রোববার বাংলাদেশ সময় রাত একটায় শিরোপা লড়াইয়ে নামবে জার্মানি ও আর্জেন্টিনা।

সেমি-ফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে জার্মানি। আর নেদারল্যান্ডসের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে ফাইনালের টিকেট পায় লাতিন আমেরিকার দলটি।