হুমকির মুখে সুনিগা, নিরাপত্তা দেবে কলম্বিয়া
হুমকির মুখে থাকা কলম্বিয়ার কামিলো সুনিগাকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা দিয়েছে তার দেশের ফুটবল ফেডারেশন। এই ডিফেন্ডারের হাঁটুর আঘাতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে নেইমার ছিটকে পড়ায় অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে হুমকি দিয়ে যাচ্ছে ব্রাজিলের অনেক সমর্থক।
কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠলেও ম্যাচটি পুরো ব্রাজিলকে স্তব্ধ করে দিয়েছিল। মেদরুদণ্ডের একটি কশেরুকায় চিড় নিয়ে বিশ্বকাপে নেইমারকে হারানোর শোকটা পরে ক্ষোভে পরিণত হয় তাদের।
ব্রাজিলের বর্তমান ও সাবেক খেলোয়াড়দের অনেকেই সুনিগার ট্যাকলটিকে দেখছেন 'কাপুরুষোচিত' হিসেবে।
নেইমারের বিশ্বকাপ শেষ জানতে পেরেই তাকে সমবেদনা জানান সুনিগা। কিন্তু তাতে ক্ষোভ কমেনি ব্রাজিলের সমর্থকদের। ফিফার কাছে শাস্তি দাবি করার পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমে সুনিগা ও তার পরিবারকে নানা ধরণের হুমকি দিয়ে গেছে তারা।
কলম্বিয়ার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে তাই সুনিগার সুরক্ষার জন্য সব ধরণের ব্যবস্থা নেয়ার কথা জানায়। এতে বলা হয়, কলম্বিয়ায় এবং সুনিগার স্থায়ী নিবাস ইতালিতে তার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সুনিগার ওই ট্যাকল নিয়ে ফিফা তদন্ত করেছিল; তবে তারা কোনো শাস্তি দেয়নি।
