২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে ছাড়াও আত্মবিশ্বাসী স্কলারি

দলের মূল ভরসাই নেই, তবু আত্মবিশ্বাসী লুইস ফেলিপে স্কলারি। জার্মানির বিপক্ষে সেমি-ফাইনালে নেইমারকে ছাড়াই তার দল মানিয়ে নিতে পারবে বলে মনে করেন ব্রাজিল কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 02:53 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

বেলো হরিজন্তেতে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় জার্মানির বিপক্ষে সেমি-ফাইনালের লড়াইয়ে নামবে স্বাগতিক ব্রাজিল। এই ম্যাচে নেই ব্রাজিলের বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন-সারথি নেইমার।

শুক্রবার কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে চোট পান নেইমার। মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরেছে তার। এই বিশ্বকাপেই আর খেলা হবে না বার্সেলোনা তারকার।

ব্রাজিলের বিশ্বকাপ অভিযানে বড় এক ধাক্কা এটা। তবে এই ধাক্কা ভুলে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সামনে এগিয়ে যেতে চায়। ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে স্কলারি তার প্রত্যয়ের কথা বলেন।

"যা হয়ে গেছে, এটা আমরা মেনে নিয়েছি এবং এখন আমরা অন্য সবকিছুতে মনোযোগ দিচ্ছি।"

৫ ম্যাচে ব্রাজিলের করা ১০ গোলের ৪টিই নেইমারের। একটি গোলে রাখেন অবদান। নেইমারকে হারানোর পর স্কলারি খেলোয়াড়দের অনুপ্রানিত করবেন কিভাবে? অস্কার-দাভিদ লুইসদের সেই টোটকাও ভালোভাবেই দেয়া হয়ে গেছে ব্রাজিল কোচের।

"নেইমার ওর কাজটা করেছে। এখন আমাদের কাজটা করার দায়িত্ব আমাদেরই ওপর।"

পুরো দলকে স্কলারি বুঝিয়েছেন, নেইমারের জন্যই বাকি কাজটুকু তাদের সুন্দরভাবে সারতে হবে।

"এই ম্যাচে আমরা শুধু আমাদের এবং নিজেদের যাবতীয় স্বপ্নের জন্যই খেলব না। নেইমার আর সে আমাদের জন্য যা কিছু করেছে, তার জন্যও খেলব।"