অস্কার বনাম লাম এবং অন্যান্য
নেইমারের সঙ্গে ফিলিপ লামের দ্বৈরথটি হতে পারত ধ্রুপদী। কিন্তু ইনজুরির কারণে ব্রাজিলের সোনার ছেলে নেই যে! তারপরও ব্রাজিল-জার্মানি সেমি-ফাইনালে লড়াইয়ের ভেতর কতগুলো লড়াইয়ে ঠিকই চোখ থাকবে সবার।
অস্কার বনাম ফিলিপ লাম
নেই যখন নেইমার, দায়িত্ব বেশি তখন ব্রাজিলের আক্রমণভাগের সব খেলোয়াড়েরই। তবে সবচেয়ে বেশি বোধকরি অস্কারের। কারণ নেইমারের সৃজনশীলতার সঙ্গে পাল্লা দেওয়ার মতো ব্রাজিল স্কোয়াডে আছে যে এই একজনই! আজ ফিলিপ লামের বিপক্ষে কেমন করেন তিনি, এর ওপর ব্রাজিলের সম্ভাবনার অনেকখানি লুকিয়ে।
অভিজ্ঞ লাম টুর্নামেন্টের প্রথম চার ম্যাচের একাদশে খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। সর্বশেষ খেলায় কোচ তাকে ফিরিয়েছেন ফুল ব্যাক পজিশনে। সেখান থেকে সহজাতভাবে আক্রমণে ওঠায় স্বচ্ছন্দ্য লাম। এই দিকটি মাথায় রেখে নিজেদের ফুলব্যাকদের সাহায্য করার চ্যালেঞ্জও অস্কারের সামনে।
তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অ্যাটাকিং থার্ডে সৃজনশীলতার ফুল ফোটানো। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে অস্কারকে যেমনটা দেখা গিয়েছিল আর কী!
দান্তে বনাম মিরোস্লাভ ক্লোসা
এটি হতে পারে ম্যাচের ফল নির্ধারণী দ্বৈরথ। চিয়াগো সিলভার অনুপস্থিতিতে ব্রাজিলের রক্ষণ সামলাতে আসবেন দান্তে। তার লড়াই হবে জার্মানির গত ১৫ বছরের সেরা স্ট্রাইকারকে নিষ্প্রভ রাখার। এক্ষেত্রে গত পাঁচ মৌসুম ধরে বুন্দেসলিগায় খেলার অভিজ্ঞতা শেষবিন্দু দিয়ে কাজে লাগাবেন সেলেসাও সেন্টার হাফ।
ফ্রেদ বনাম মাটস হুমেলস
এক জন স্ট্রাইকার, অন্য জন ডিফেন্ডার। অথচ ২০১৪ বিশ্বকাপে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের চেয়ে জার্মান ডিফেন্ডারের গোলসংখ্যা বেশি! তা হোক। ফ্রেদ-মাটস হুমেলসের আজকের লড়াই তবু জার্মানির পেনাল্টি এলাকাতেই। যেখানে ফ্রেদ চাইবেন গোল করতে, হুমেলস ঠেকাতে।
তার বিপক্ষে টক্কর দেওয়ার জন্য প্রস্তুত হুমেলস। দীর্ঘদেহী এই ডিফেন্ডার শারীরিকভাবে ফ্রেদের চেয়ে পিছিয়ে নেই, বাতাসেও ভীষণ দক্ষ তিনি। সেন্ট্রাল ডিফেন্সের জুড়ি জেরোম বোয়েটেংয়ের চেয়ে চটপটেও। ফ্রেদকে বিপদসীমার বাইরে রাখায় হুমেলসকে যেটি সাহায্য করতে পারে খুব।
হাল্ক বনাম বেনেডিক্ট হুভেডেজ
ছিলেন সেন্টার-হাফ; বিশ্বকাপে এসে ইওয়াখিম লুভ তাকে বানিয়ে দিলেন ফুলব্যাক। তা লেফটব্যাক পজিশনে এখন পর্যন্ত খারাপ করেননি বেনেডিক্ট হোয়ভেডেজ। তবে হাল্ক যেমন চ্যালেঞ্জ নিয়ে আসছে আজ, অমনটা তো আগে আর কেউ আনেওনি।
