উইলিয়ানের চোয়ালবদ্ধ পণ
জার্মানির বিপক্ষে নেইমারের জায়গায় খেলতে পারেন উইলিয়ান। অনুশীলনে হালকা চোট পাওয়ার পর তাকে নিয়েও শঙ্কার ডঙ্কা বেজেছিল। তবে উইলিয়ান জানিয়েছেন, তার কোনো সমস্যা নেই; সেমি-ফাইনালে খেলার জন্য প্রস্তুত তিনি।
বেলো হরিজন্তেতে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় জার্মানির বিপক্ষে সেমি-ফাইনাল খেলতে নামবে স্বাগতিক ব্রাজিল। এর আগে অনুশীলনে চোট পাওয়া উইলিয়ান নিজেকে খেলার জন্য 'ফিট' আছেন বলে জানান।
"আমি খুব ভালো অনুভব করছি। গতকাল (শনিবার) বাঁ দিকে ব্যথা পেয়েছিলাম এবং এটা কিছুটা অস্বস্তিতে ফেলেছিল আমাকে। তবে এটা তেমন কোনো বিষয় নয়।"
"নেইমারের সঙ্গে তুলনা করার কিছু নেই। অথবা অন্য খেলোয়াড়দের সঙ্গেও তুলনার কিছু নেই। নেইমার শীর্ষ খেলোয়াড়। আমি মনে করি নেইমার আর আমার খেলার ধরণও ভিন্ন।"
উইলিয়ান দুজনের খেলার ধরণের পার্থক্য বোঝাতে গিয়ে বলেন, নেইমার ফরোয়ার্ড আর তিনি আক্রমণাত্মক মিডফিল্ডার। নেইমারের গোল করাও কাজ, আর তার নিজের কাজটা শুধুই গোল করানো বলে মনে করেন চেলসির মিডফিল্ডার উইলিয়ান।
জার্মানির বিপক্ষে ম্যাচে নেইমারকে না পাওয়া ব্রাজিলের জন্য অপূরণীয় এক ক্ষতি বলেই মনে করেন উইলিয়ান।
"নেইমার আমাদের ভালো খেলার মানদণ্ডটা তৈরি করে দেয়। যে কোনো ম্যাচের ভাগ্য গড়ে দেয়ার সামর্থ্য আছে তার। তাই তাকে ছাড়া খেলাটা কঠিন হবে।"
