'নোংরা খেলে হলেও জিততে হবে'
বিশ্বকাপে সাফল্য পাওয়ার মন্ত্র জানালেন জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়ক লোথার মাথাউস। দর্শক-নন্দিত জয়ের মতো প্রয়োজনে ‘কুৎসিত ও নোংরা’ ফুটবল খেলেও জিততে হবে।
জার্মানির পক্ষে সবচেয়ে বেশি দেড়শ’ ম্যাচ খেলা মাথাউস মনে করেন, রেকর্ড টানা চতুর্থবারের মতো সেমি-ফাইনালে পৌঁছে ইওয়াখিম লুভের দলটি এরই মধ্যে নিজেদের প্রমাণ করেছে।
তবে বেলো হরিজন্তেতে ব্রাজিলের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে জার্মানির কাছ থেকে আরো ভালো খেলা আশা করছেন মাথাউস।
পর্তুগালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে এবারের আসর শুরু করলেও মাথাউস মনে করেন, গতবারের মতো আকর্ষণীয় ফুটবল এবার খেলতে পারেনি তিনবারের চ্যাম্পিয়নরা।
ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে জার্মানি শেষ চারে পৌঁছানোর পরদিন ফিফা ডটকমকে তিনি বলেন, “বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে ম্যাচ জিততে হবে। কখনো আপনাকে কুৎসিত ম্যাচ জিততে হবে। কখনো আপনার নোংরা জয় প্রয়োজন হবে।”
শেষ দুই আসরে সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে জার্মানিকে। মাথাউস মনে করেন, এই দুই আসরে পরিচ্ছন্ন ফুটবল খেলে সুযোগ হারিয়েছে তার দেশ।
