‘মেসি যেন মরুভূমির বুকে জল’
প্রায় দুই যুগ পর দেশকে বিশ্বকাপের সেমি-ফাইনালে তুলে দলের সেরা তারকা লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেইয়া। সাবেইয়ার মতে, মেসি যেন মরুভূমির বুকে জল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাবেইয়া বলেন, “মেসির মতো একজন খেলোয়াড় যখন আপনার থাকবে যে বলতে গেলে কখনই বল হারায় না, তখন সেটা হবে মরুভূমির বুকে জল পাওয়ার মতো।”
শনিবার ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে শেষ চারে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার একমাত্র জয়সূচক গোলটি করেন গনসালো হিগুয়াইন, যার উৎস আর্জেন্টিনার অধিনায়ক মেসি।
‘ইনজুরি’ সময়ে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও সহজ একটি সুযোগটি নষ্ট করেন মেসি। তাতে কি? সাবেইয়ার কাছে মাঠে মেসির উপস্থিতিই অনেক কিছু।
গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে ৪ গোল করে ‘গোল্ডেন বুট’ জেতার লড়াইয়ে ভালোমতোই আছেন টানা চারবারের ফিফা বর্ষসেরা মেসি। গত দুই ম্যাচে জালের দেখা পাননি তিনি। সাবেইয়ার কাছে মেসির গোল পাওয়াটা বড় কিছু নয়।
সাবেইয়ার মতে, ম্যাচে মেসি বল পেলেই আর্জেন্টিনার আশা জাগে আর প্রতিপক্ষের জন্য সেটা হয় হুমকি। মেসি গোল করুক আর না করুক, তার প্রভাবটাই ফল নির্ধারক হয়ে যায়।
২৪ বছর পর সেমি-ফাইনালের টিকেট পাওয়ার কৃতিত্ব অবশ্য শুধু একা মেসিকেই দিচ্ছেন না সাবেইয়া, প্রশংসা করলেন দলের সবার।
