নেইমারকে ফাউল খতিয়ে দেখবে ফিফা
ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারকে ইচ্ছাকৃতভাবে ফাউল করা হয়েছে কি না, তা খতিয়ে দেখবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফার গণমাধ্যম প্রধান ডেলিয়া ফিশার শনিবার এক সংবাদ সম্মেলনে জানান ফিফার ডিসিপ্লিনারি কমিটি ঘটনাটি পর্যালোচনা করছে।
শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের কোয়ার্টার-ফাইনাল ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের হুয়ান সুনিগার হাঁটু নেইমারের পিঠে লাগলে চোট পান তিনি। সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে বার্সেলোনার এই তারকাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তার কিছুক্ষণ পরই তাকে হাসপাতালে নেয়া হয়।
পরে বিশ্বকাপ থেকে নেইমারের ছিটকে পড়ার খবর জানায় ব্রাজিল দল। নেইমারের মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরা পড়ে।
সুনিগা অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছেন। নেইমারের ক্ষতি করার কোনো ইচ্ছা ছিল না বলেও জানান নাপোলির এই খেলোয়াড়।
তবে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের স্ট্রাইকার রোনালদো মনে করেন, সুনিগা ইচ্ছা করে মারাত্মক ওই ফাউল করেছেন। কলম্বিয়ার ওই খেলোয়াড়ের ব্রাজিলের ক্ষতি করার উদ্দেশ্য ছিল বলে মনে করেন মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।
