২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারপরও আশাবাদী পেলে

বিশ্বকাপ থেকে নেইমার ছিটকে পড়ায় মর্মাহত পেলে। তবে ৫২ বছরের পুরনো স্মৃতিতে ভর করে এখান থেকেই হেক্সা জয়ের স্বপ্ন দেখছেন এই কিংবদন্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 02:47 AM

Updated : 22 Aug 2022, 06:39 PM

গত শুক্রবার ফরতালেজায় কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে ব্রাজিল সেমি-ফাইনালে উঠলেও পিঠে চোট পেয়ে বিশ্বকাপের বাইরে ছিটকে পড়েন নেইমার।

ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নে এটা বড় একটা আঘাত। তবে নেইমার না থাকায় ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে- এমনটা ভাবতে নারাজ ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার।

দলের সেরা খেলোয়াড়কে হারিয়ে ব্রাজিলের বিশ্ব জয়ের উদাহরণও আছে। ১৯৬২ সালে চিলি বিশ্বকাপের সে উদাহরণই টানলেন পেলে।

“১৯৬২ সালে চিলি বিশ্বকাপে আমিও চোট পেয়েছিলাম এবং টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিলাম। তারপরও শিরোপা জয়ে ঈশ্বর ব্রাজিলকে সাহায্য করেছিল। আশা করি, এই বিশ্বকাপেও সেলেসাওদের ক্ষেত্রে ঠিক তাই হবে।”

১৯৫৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে চার বছর পর শিরোপা ধরে রাখার লক্ষ্যে চিলিতে যায় ব্রাজিল। গ্রুপ পর্বে মেক্সিকোকে হারিয়ে শুরুটাও ভালো করে তারা কিন্তু পরের ম্যাচেই চেকোস্লোভাকিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে ব্রাজিল। ওই ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপ শেষ হয়ে যায় পেলের। তারপরও সেবার শিরোপা জেতে ব্রাজিল।

আগামী মঙ্গলবার বেলো হরিজন্তেতে ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মানির বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ব্রাজিল। ওই ম্যাচে হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় খেলতে পারবেন না অধিনায়ক চিয়াগো সিলভা।