সেরে ওঠো বন্ধু: মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা মাঠেই পড়ে থাকল। নেইমারের দু:সময়ে তার পাশে দাঁড়ালেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বার্সেলোনা সতীর্থের দ্রুত সেরে ওঠার জন্য শুভকামনা জানান তিনি।
শনিবার শেষ আটের লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে শুক্রবার নেইমারের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার খবর পান মেসি।
ফরতালেজায় কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে শুক্রবার পিঠে চোট পান নেইমার। মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরেছে তার। এই বিশ্বকাপে আর খেলা হবে না ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন-সারথির।
খবরটি শুনে খুব হতাশ হন মেসি। নিজের ফেইসবুক পাতায় নেইমারের সেরে ওঠার জন্য শুভকামনা জানান তিনি।
নেইমারের সঙ্গে এই উদযাপনের ছবিটি নিজের ফেইসবুক পাতায় দিয়েছেন লিওনেল মেসি।
নেইমারের চোটের খবরে ম্লান হয়ে যায় কলম্বিয়ার বিপক্ষে শেষ আটে ব্রাজিলের ২-১ গোলের জয়টিও। ব্রাজিলের সমর্থকদের মধ্যে নেমে এসেছে শোকের একটা আবহ।
আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক দিয়েগো মারাদোনাও নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় হতাশ। ভেনেজুয়েলা ভিত্তিক তেলেসুর টিভি নেটওয়ার্ককে তিনি বলেন, নেইমারকে হারানোর শোক শুধু ব্রাজিলের মানুষের নয়, বিশ্ব জোড়া ফুটবল-পিয়াসীদের সবার।
