'স্বর্গ' থেকে দুই পা দূরে ব্রাজিল
দ্বিতীয় রাউন্ড পার হওয়ার পর থেকেই 'স্বর্গের' ধাপ গোনা শুরু করেছিলেন ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি। বিশ্বকাপের ট্রফি তুলে ধরা থেকে আর দুই ধাপ দূরে আছে তার দল। কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জার্মানির মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের স্বাগতিকরা।
ফরতালেজায় শুক্রবারের দ্বৈরথে হয়তো নেইমারকে হারিয়েছেন হামেস রদ্রিগেস। কিন্তু দুই ডিভেন্ডারের গোলে কলম্বিয়ার বাধা ঠিকই পার হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দুই অর্ধে একটি করে গোল করেন চিয়াগো সিলভা ও দাভিদ লুইস। পেনাল্টি থেকে রদ্রিগেস ব্যবধান কমালেও বিশ্বকাপ থেকে দলের বিদায় এড়াতে পারেননি তিনি।
প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পরও ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলে নিজেদের রক্ষণ নিয়েই বেশি ব্যস্ত থাকতে হয় হোসে পেকারমানের শিষ্যদের। টানা চার ম্যাচ জিতে শেষ আটে পৌঁছানো দলটি খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি।
ফ্রেদ নিষ্প্রভ থাকলেও নেইমারের সঙ্গে কলম্বিয়ার রক্ষণসীমায় হাল্কেরও বিপজ্জনক উপস্থিতি ছিল। গোলরক্ষক দাভিদ ওসপিনার দৃঢ়তায় অন্তত দুবার হতশায় পুড়তে হয় এই ফরোয়ার্ডকে।
২০তম মিনিটে ওসপিনার দৃঢ়তায় বেঁচে যায় কলম্বিয়া। নেইমারের কাছ থেকে পাস পেয়ে হাল্কের জোরালো শট কোনোমতে ঠেকান কলম্বিয়ার গোলরক্ষক। ফিরতি বলে অস্কারের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান তিনি।
আট মিনিট পর আবারো হাল্ককে হতাশ করেন ওসপিনা। মার্সেলোর ক্রস ডি বক্সে বুক দিয়ে নামিয়ে এক টোকায় একটু সামনে বাড়িয়ে পা বায়ে শট নেন জেনিত সেন্ট পিটার্সবার্গের স্ট্রাইকার। কিন্তু এবারো তার শট ফেরান নিসের গোলরক্ষক।
৪৪তম মিনিটে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পেলেও কাজে লাগাতে পারেননি নেইমার।
টুর্নামেন্টে এটি রদ্রিগেসের ষষ্ঠ গোল। প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষেই আছেন তিনি।
