ট্রফিতে এক হাত স্কলারির!
চারদিক থেকে সমালোচনার তির ধেয়ে আসছে, কোয়ার্টার-ফাইনালের আগে চোখ রাঙাচ্ছে প্রতিপক্ষ কলম্বিয়ার ফরোয়ার্ড হামেস রদ্রিগেসের ফর্ম। এসবে কিছু যায় আসে না লুইস ফেলিপে স্কলারির। ব্রাজিলের কোচ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে নির্বিকারভাবে বলে দিলেন-এরই মধ্যে তার দলের একটা হাত ট্রফিতে আছে।
ফরতালেজার আরেনা কাস্তেলাওতে শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় শেষ আটে কলম্বিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। এই ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে সমালোচকদের উড়িয়ে দেয়া স্কলারির চোখে যেন বিশ্বকাপ ট্রফির সোনালী ঝিলিক এসে লাগছে।
"ব্রাজিল কি ট্রফিতে একটা হাত রাখা অব্যাহত রাখতে পারবে? আমি বলব, হ্যা। আমরা পঞ্চম পদক্ষেপ রাখতে যাচ্ছি এবং পদক্ষেপ সাতটিই।"
১৯৭০ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অধিনায়ক কার্লোস আলবের্তোসহ আরো অনেক সাবেক খেলোয়াড়ই স্কলারির সমালোচনা করেন। বিশেষ করে দলে মনোবিদ ডেকে আনার বিষয়টি মানতে পারছেন না তারা।
তবে এটাকে নিয়মিত একটি ব্যাপার বলেই দাবি করেন ব্রাজিলের কোচ।
"এটা পূর্ব নির্ধারিত এবং গোছানো। সে রোববার আবার আসবে এবং সোমবারও। সে খুব সুন্দরভাবে বিষয়টি করছে।"
মনোবিদ নিয়ে কথা ওঠায় স্কলারি সমালোচকদের বেশ কড়া ভাষাতেই জবাব দেন।
"আপনাদের যদি এটা পছন্দ না হয়, তাহলে নরকে যান।"
ব্রাজিলের সাধারণ মানুষ দলের পাশে আছে বলে মনে করেন স্কলারি। আর এতেই তিনি খুশি।
