নেইমারকে আটকাতে আরমেরোর পরিকল্পনা
ব্রাজিলের বিপক্ষে শেষ আটের লড়াইয়ের আগে নেইমারকে আটকানোর পরিকল্পনা করছে কলম্বিয়া। তবে এক বা দুই জন খেলোয়াড়কে দিয়ে নয়, ওই পরিকল্পনা সফল করতে দলগত প্রচেষ্টা দরকার বলে মনে করেন কলম্বিয়ার ডিফেন্ডার পাবলো আরমেরো।
শুক্রবার ফরতালেজায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও এবারই প্রথমবারের মতো শেষ আটে ওঠা কলম্বিয়া।
প্রতিযোগিতায় এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল করা নেইমারকে আটকাতে দলের সবাইকে সাহায্যের হাত বাড়াতে হবে মনে করেন আরমেরো।
ফিফাকে আরমেরো বলেন, “আমরা গোছানো একটা দল এবং আমরা জানি একে অপরের জন্য খেলতে পারলে ফল পাব।”
টুর্নামেন্ট শুরুর আগে চোটের কারণে রাদামেল ফালকাও ছিটকে পড়ায় কলম্বিয়ার সম্ভাবনা প্রায় সবার কাছেই ক্ষীণ হয়ে যায়। কিন্তু হামেস রদ্রিগেসের দুর্দান্ত পারফরম্যান্সে ওই দলটিই পৌঁছে গেছে শেষ আটে।
বিশ্বকাপের মঞ্চে দেশকে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে তুলে এনেই ইতিহাস গড়েছে কলম্বিয়ার এই দলটি। তবে তারা এখানেই থামতে চায় না, যেতে চায় আরো দূরে।
“যতদূর সম্ভব যাওয়ার জন্যে আমরা কঠিন পরিশ্রম করছি। এখানে আমরা উপভোগ করতে আসিনি, চূড়ান্ত বিজয়ের জন্যে সর্বস্ব দিতে এসেছি।”
