সেরা সব গোল
ব্রাজিল বিশ্বকাপের দর্শনীয় সব গোল।
৪ জুলাই: ব্রাজিল-কলম্বিয়া
দাভিদ লুইস
এ ধরণের গোলের স্বপ্ন অনেক দিন ধরেই দেখছেন দাভিদ লুইস। চেলসির ক্লাব সতীর্থ উইলিয়ানকে তা বলায় সে কী হাসাহাসি! খুনসুটিতে মেতে উঠে ব্রাজিল-ক্যাম্পেও খেপাতেন বেশ। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে সত্যি সত্যি যে ফ্রি-কিক থেকে অবিস্মরণীয় অমন গোল দিলেন লুইস!
ব্রাজিলে অমন অনিন্দ্যসুন্দর গোলের আদুরে নাম এটিই!
২৮ জুন: কলম্বিয়া-উরুগুয়ে
হামেস রদ্রিগেস
চলতি বিশ্বকাপ তো বটেই, ফিফা বর্ষসেরা গোলেরই অন্যতম দাবিদার এটি। গ্রুপ পর্বেও তিন ম্যাচে লক্ষ্যভেদ করেন হামেস রদ্রিগেস। কিন্তু উরুগুয়ের বিপক্ষে প্রথম গোলটি দিয়েই ২২ বছর বয়সী কলম্বিয়ার এই প্লে-মেকার সত্যিকার অর্থে প্রবেশাধিকার পেলেন অভিজাত ফুটবলারদের ক্লাবে।
২৫ জুন: সুইজারল্যান্ড-হন্ডুরাস
জেরদান শাচিরি
লিওনেল মেসি যা পারেন, ‘আলপাইনের মেসি’ কি তা পারেন না? অন্তত এই ম্যাচ বিবেচনায় অবশ্যই পারেন। শুধু হ্যাটট্রিক করেছেন বলেই নয়, প্রথম যে গোলটি দিয়েছেন জেরদান শাচিরি, সেটিতে যে সত্যিকারের মেসির প্রতিচ্ছবি!
২৫ জুন: নাইজেরিয়া-আর্জেন্টিনা
আহমাদ মুসা
মেসির জবাবে মুসা! ম্যাচ শুরুর আগের অকল্পনীয় এই দ্বৈরথ কিন্তু ঠিকই মঞ্চস্থ হল প্রথম রাউন্ডের এই ম্যাচে। তাতে বিখ্যাত প্রতিপক্ষের সঙ্গে অখ্যাত একজন পাল্লা দিলেন সমানতালে। জোড়া গোলের জবাবে জোড়া গোল করে; সুন্দর গোলের জবাবে সুন্দর গোল দিয়ে!
২৫ জুন: আর্জেন্টিনা-নাইজেরিয়া
লিওনেল মেসি
সব ধরনের গোলই হচ্ছিল ব্রাজিল বিশ্বকাপে। দৃষ্টিনন্দন ভলিতে যেমন, তেমনি দুর্দান্ত হেডে কিংবা দূরপাল্লার শটে। ফ্রি-কিক থেকে কেবল মনে রাখার মতো লক্ষ্যভেদ হচ্ছিল না। হল লিওনেল মেসির জাদুকরী বাঁ পায়ে।
২৪ জুন : কলম্বিয়া-জাপান
হামেস রদ্রিগেস
২৩ জুন: স্পেন-অস্ট্রেলিয়া
দাভিদ ভিয়া
স্পেনের জার্সি গায়ে তাকে আর দেখা যাবে কিনা, নিশ্চিত নয়। যদি বিশ্বকাপে শেষ ম্যাচটি খেলে থাকেন, তাহলে এর শেষটি কী সুন্দর গোলেই না হল দাভিদ ভিয়ার!
প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস-চিলির কাছে হেরে বিশ্বকাপ বিদায় নিশ্চিত স্পেনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি ছিল কেবলই মর্যাদার। সেই মর্যাদা রক্ষায় কোচ ভিসেন্তে দেল বস্কে একাদশে ফেরান দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে। আস্থার প্রতিদানে ৩৬তম মিনিটে ভিয়া করেন গোল।
২৩ জুন: ক্যামেরুন-ব্রাজিল
নেইমার
ফিফার বর্ষসেরা গোলের পুরষ্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জিতেছেন একবার। আরেকবারও ছিলেন শীর্ষ তিনে। নেইমারের কাছ থেকে আকর্ষণীয় গোল তাই অপ্রত্যাশিত নয় একেবারে। ক্যামেরুনের বিপক্ষে দ্বিতীয় গোলটি করলেন তিনি সেই নান্দনিকতার ছোঁয়া মেখে।
২২ জুন: যুক্তরাষ্ট্র-পর্তুগাল
জার্মেইন জোনস
প্রতিপক্ষ দলে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো এমন গোল করলে সেটি খুব বিস্ময় জাগাতো না। কিন্তু পেনাল্টি এরিয়ার বাইরে থেকে নেওয়া শটে লক্ষভেদ করলেন যে জার্মেইন জোনস! ব্রাজিল বিশ্বকাপের সেরা না হলেও নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডারের ক্যারিয়ার সেরা গোল।
২১ জুন: আর্জেন্টিনা-ইরান
লিওনেল মেসি
এশিয়ার দেশটির রক্ষণভাগে মাথা কুটে মরছিল আর্জেন্টিনার সব আক্রমণ। ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর ড্রকেই মনে হচ্ছিল নিয়তি। সেই ভবিষ্যতটা জাদুকরী বাঁ পায়ে বদলে দেন মেসি। আপাত নিরীহ বল পেলেন, ছোট্ট এক ঝাঁকিতে গায়ে লেগে থাকা ডিফেন্ডারকে সরিয়ে করলেন একটু জায়গা। মেসির বাঁ পায়ের শট বিন্দুমাত্র সুযোগ দিল না ইরানের গোলরক্ষককে।
১৯ জুন: কোত দি ভোয়া-কলম্বিয়া
জার্ভিনিয়ো
১৮ জুন: নেদারল্যান্ডস-অস্ট্রেলিয়া
মেমফিস ডিপাই
এক ম্যাচে দুটি অবিশ্বাস্য গোল! টিম কাহিলের গোলের পাশে ম্যাড়ম্যাড়ে লাগতে পারে, কিন্তু মেমফিস ডিপাইয়ের গোলটিও কিন্তু হয়েছে মনে রাখার মতো।
১৮ জুন : অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস
টিম ক্যাহিল
১৪ জুন: ইংল্যান্ড-ইতালি
ক্লাওদিও মার্কিসিও
দারুণ বুদ্ধিদীপ্ত এক ‘টিম গোল’। সেখানে আন্দ্রেয়া পিরলোর জাদুকরী ক্ষমতার প্রকাশ যেমন আছে, অসংখ্যবারের অনুশীলনের ছাপও।
পিরলোর পেছনে ফাঁকায় থাকা ক্লাওদিও মার্কিসিও নেন এই সুযোগটাই। বলে প্রথম টাচ দিয়ে একবার একটু তাকালেন গোলপোস্টের দিকে। তারপর ডান পায়ে মাটি কামড়ানো শটটি নিতে দ্বিধা করলেন না। পেনাল্টি এলাকার বাঁ প্রান্তের মাথা থেকে মারকিসিওর শটটি গোলরক্ষক জো হার্টের ডান দিক দিয়ে চলে যায় জালে। ঝাঁপিয়ে পড়ে খুব চেষ্টা করেছিলেন ইংল্যান্ডের গোলরক্ষক। কিন্তু গোল ঠেকাতে পারেননি।
১৩ জুন: নেদারল্যান্ডস-স্পেন
আরিয়েন রবেন
ম্যাচ ততক্ষণে শেষ! শুরুতে এগিয়ে যাওয়া স্পেন পিছিয়ে ১-৪ গোলে। কিন্তু সেখানেই লজ্জার শেষ না বিশ্ব চ্যাম্পিয়নদের। অসাধারণ এক গোলে তাদের কফিনে শেষ পেরেক ঠুকলেন আরিয়েন রবেন।
ওই দৌড়ে স্পেনের পেনাল্টি এলাকায় তিনি চলে গেলেন মুহূর্তে। কিন্তু সেখানে ঢুকতে ঢুকতে ইকের কাসিয়াস চলে এলেন কাছে। রবেন করলেন কী, চকিত টার্নে পিছু ঘুরলেন। এরপর পাশ বরাবর বল নিয়ে কয়েক পা এগোলেন আর স্পেনের ‘সেইন্ত ইকের’ এক রকম হাঁটু মুড়ে ছুটলেন পিছু পিছু। দুই সেন্টার-হাফও ছিল গোলরক্ষায়। কিন্তু রবেনের বাঁ পায়ের বুলেট শট ঠেকানোর সাধ্যি ছিল না তাদের। ২০১০ ফাইনালে সহজতম সুযোগ মিসের প্রতিশোধ কী নির্মমভাবেই না নিলেন রবেন!
১৩ জুন নেদারল্যান্ডস-স্পেন
রবিন ফন পের্সি
তখনো ০-১ গোলে পিছিয়ে নেদারল্যান্ডস। প্রথমার্ধের শেষ বাঁশি বাজবে বলে! ঠিক তখনই ফুটবলের ক্যানভাসে আঁকা হল কালজয়ী এক মুহূর্তের ছবি। রবিন ফন পের্সির অবিশ্বাস্য গোলে!
