হৃদয় ভাঙা হাওয়ার্ডের রেকর্ড গড়া রাত
টিম হাওয়ার্ড শেষ পর্যন্ত দলকে বাঁচাতে পারেননি। তবে পুরো ম্যাচে অসাধারণ সব সেভ করে বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল বাঁচানোর রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের এই গোলরক্ষক। হেরে গেলেও সমর্থকদের ভোটে ম্যাচ সেরার পুরস্কারটাও গেছে তারই অধিকারে।
মঙ্গলবার সালভাদরের আরেনা ফন্তে নোভায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে অসংখ্য সুযোগ তৈরি করে বেলজিয়াম। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে গোল পায়নি তারা। অতিরিক্ত সময়ে অবশ্য বেলজিয়ামের বাধ-ভাঙা আক্রমণের তোড় আর সামলাতে পারেননি হাওয়ার্ড। ২-১ গোলে হেরে শেষ ষোলোতে যতি পড়ে যুক্তরাষ্ট্রের ব্রাজিল বিশ্বকাপের অভিযানের।
হাওয়ার্ডের লড়াইটা শুরু হয় ম্যাচের প্রথম মিনিট থেকেই। মার্কারকে ফাঁকি দিয়ে মাত্র দশ গজ দূর থেকে শট নিয়েছিলেন দিভোক ওরিগি। কিন্তু বল জমা পড়ে হাওয়ার্ডের বিশ্বস্ত হাতে। প্রথমার্ধে এমন আরো অনেক সেভ করেন হাওয়ার্ড।
তবে দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডাররা একটু ক্লান্ত হয়ে পড়লে বেশি চাপই পড়েছিলেন এভারটনের এই গোলরক্ষক। ৭১তম মিনিটে আরো একবার ওরিগিকে হতাশ করেন তিনি। কেভিন মিরালাসের পাস ডি বক্সে লিলের এই মিডফিল্ডারকে খুঁজে পেলেও বাধা হয়ে দাঁড়ান হাওয়ার্ড।
নির্ধারিত সময়ের শেষ দশ মিনিটে আরো তিনবার বেলজিয়ামকে হতাশ করেন হাওয়ার্ড। সব মিলিয়ে ১৫টি দুর্দান্ত সেভ করেন তিনি। ১৯৬৬ সাল থেকে বিশ্বকাপে গোলরক্ষকদের গোল বাঁচানোর হিসেব শুরু হওয়ার পর এটাই সবচেয়ে বেশি।
১৯৭৮ বিশ্বকাপ থেকে এই রেকর্ডটি ছিল পেরুর গোলরক্ষক রামন কিরোগার অধিকারে। সেই বিশ্বকাপে নেদারল্যান্ডসের সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে তিনি ১৩টি সেভ করেছিলেন।
দল হেরে যাওয়ায় এই রেকর্ড নিয়ে মোটেই উচ্ছ্বাসিত নন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক। বলেছেন, এই হারটা তার জন্য 'হৃদয় ভাঙা একটি ব্যাপার।'
