দলকে সাবেইয়ার শুভেচ্ছা
সুইজারল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলের দেখা পেতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত। নখ-কামড়ানো উত্তেজনার ম্যাচে ১-০ গোলের জয়ের পর দলকে শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেইয়া।
সাবেইয়া মনে করেন, ম্যাচটা নির্ধারিত সময়ে জেতার মতোই খেলেছে তার দল।
মঙ্গলবার সাও পাওলোর আরেনা দে সাও পাওলোয় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে লাতিন আমেরিকার দলটি অনেকগুলো সুযোগ পেলেও গোলের দেখা পাচ্ছিল না।
একসময় তো মনে হচ্ছিল টাইব্রেকারে গড়াতে যাচ্ছে ম্যাচটি। তারপরই ১১৮তম মিনিটে আনহেল দি মারিয়া সেই গোল। মেসির দুর্দান্ত পাসে কোনাকুনি শটে বল জাল জড়ান রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার।
ম্যাচ শেষে সাবেইয়া আরো বলেন, “প্রথমার্ধে গোল করার মতো তারা (সুইসরা) পরিষ্কার দুটি সুযোগ পেয়েছিল কিন্তু দ্বিতীয়ার্ধে আমরাই এগিয়ে ছিলাম, গোলে আমরা পাঁচ থেকে ছয়টা শট নিয়েছিলাম। অতিরিক্ত সময়েও আমরা বেশি সুযোগ পেয়েছি। ”
আগামী শনিবার ব্রাজিলিয়ায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
