২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে নিয়ে চিন্তিত স্কলারি

নেইমারকে নিয়ে চিন্তিত ব্রাজিলের কোচ লুইচ ফেলিপে স্কলারি। তার ধারণা, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেও ফাউলের শিকার হতে হবে দলের সেরা তারকাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 12:40 AM

Updated : 22 Aug 2022, 06:37 PM

স্কলারির অভিযোগ, শুরু থেকে প্রতিপক্ষ দলগুলো ফাউল করে আসছে নেইমারকে।

ব্রাজিল কোচের মতে, ১০ বছর আগে ২০০৪ সালের ইউরোতে পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে যেভাবে ফাউল করা হতো, ঠিক তেমনি ফাউলের শিকার হচ্ছেন নেইমার।

ওই সময় পর্তুগালের কোচ ছিলেন ‘বিগ ফিল’ নামে পরিচিত স্কলারি। ওই সময়ের স্মৃতি হাতড়ে স্কলারি বলেন, “আমার মনে আছে, নেদারল্যান্ডসের বিপক্ষে সেমি-ফাইনাল ম্যাচ শুরুর পাঁচ মিনিট পরেই তাকে (রোনালদো) মারাত্মকভাবে আঘাত করা হয়েছিল। ফলে দ্বিতীয়ার্ধে বাধ্য হয়ে তাকে তুলে নেয়া হয়।”

নেইমারকে সেভাবেই প্রতিপক্ষ ফাউল করছে জানিয়ে স্কলারি বলেন, “প্রতি ম্যাচেই সে ফোলা পা নিয়ে মাঠ ছাড়ে। চিলির বিপক্ষে ম্যাচের পাঁচ মিনিট পরেই তাকে মারাত্মকভাবে আঘাত করা হয়েছিল।”

চিলির বিপক্ষে শুরুতে ঊরুতে ব্যথা পেলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে খানিক পরেই মাঠে নামেন নেইমার। খেলেন নির্ধারিত ও অতিরিক্ত সময়ের পুরোটা, টাইব্রেকারে শেষ শট নিয়ে জয়ে অবদানও রাখেন বার্সেলোনার এই খেলোয়াড়।

তবে আগামী শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ম্যাচে নেইমারের খেলা অনিশ্চয়তা জেগেছে। ম্যাচের পরদিন নেইমার পুরোপুরি সুস্থ আছে বলে স্কলারি জানালেও শেষ আটের লড়াইয়ে তার খেলা ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেননি বিশ্বকাপজয়ী এই কোচ।

“শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে খেলার জন্যে সে সেরে উঠবে কি না আমি জানি না।”