লামের কাছে আলজেরিয়া 'অস্বস্তিকর' প্রতিপক্ষ
ধারে আর ভারে-দুই দিক দিয়েই জার্মানিকে আলজেরিয়ার চেয়ে এগিয়ে রাখবে সবাই। কিন্তু শেষ ষোলোর লড়াইয়ের আগে জার্মানির অধিনায়ক ফিলিপ লাম তার সতীর্থদের সতর্ক করে দিয়েছেন। আলজেরিয়াকে অস্বস্তিকর প্রতিপক্ষ উল্লেখ করে তিনি বলেন, কষ্ট করেই জয় পেতে হবে।
পোর্তো আলেগ্রের স্তাদিও কাস্তেলাওতে সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় শেষ ষোলোর লড়াইয়ে আলজেরিয়ার মুখোমুখি হবে জার্মানি। এই ম্যাচে ভাহিদ হালিলহোদিচের দলের সামনে জার্মানিকে কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করেন লাম।
"দলটি (আলজেরিয়া) আমাদের জীবন কঠিন করে তুলবে। সহজে এরা গোল খায় না, কোনো ট্যাকলে হারতে চায় না। কোনো ঝুঁকি নেয়ার চেয়ে এরা ফাউল করবে। অস্বস্তিকর এক প্রতিপক্ষ।"
এক্ষেত্রে সতীর্থদের শুধু নিজেদের ওপর বিশ্বাস রেখে স্বাভাবিক খেলাটা খেলে যাওয়ার পরামর্শ দেন তিনি।
