২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজা নিয়ে প্রশ্নে ক্ষুব্ধ আলজেরিয়া কোচ

আলজেরিয়ার মুসলমান খেলোয়াড়দের মধ্যে কারা রোজা রাখবেন, এ বিষয়ে কিছু বলতে চাননি কোচ ভাহিদ হালিলহোদিচ। জার্মানির বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে বিরক্ত হয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 05:32 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

পোর্তো আলেগ্রের স্তাদিও বেইরা রিওতে সোমবার জার্মানির বিপক্ষে বাংলাদেশ সময় রাত ২টায় শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে প্রতিযোগিতার একমাত্র আরব দেশ আলজেরিয়া।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সংবাদিকরা বার বার প্রশ্ন করছে, আলজেরিয়ার কোন কোন খেলোয়াড় রোজা রাখবে? কিন্তু বিষয়টিকে একান্ত মনে করেন বসনিয়া ও হার্জেগোভিনার হালিলহোদিচ।

"এটা ব্যক্তিগত ব্যাপার এবং এটা জিজ্ঞেস করলে আমি বলব, আপনাদেরও সম্মানবোধ আর নৈতিকতার ঘাটতি আছে।"

আলজেরিয়ার খেলোয়াড়দের রোজা রাখা আর না রাখা নিয়ে সেদেশে কোচের সমালোচনা হচ্ছে। এটা মোটেই পছন্দ হচ্ছে না হালিলহোদিচের। পুরো বিষয়টি তিনি খেলোয়াড়দের ওপরই ছেড়ে দিলেন।

"রমজান এসে গেছে এবং আলজেরিয়ার কিছু সংবাদপত্রে আমি আমাকে নিয়ে সমালোচনা দেখেছি...কিন্তু আমার দলে মুসলমান খেলোয়াড় এই প্রথম নয়। আমি নিজেও একজন মুসলমান। আমি সবসময়ই তাদের স্বাধীনতা দিয়েছি। এটা ব্যক্তিগত ব্যাপার।"

সাংবাদিকদের বারংবার প্রশ্নে এক সময় বিরক্ত হয়ে এ নিয়ে কথা বন্ধ করতে বলেন হালিলহোদিচ। আর না হলে তিনি সংবাদ সম্মেলন থেকে চলে যাওয়ারও হুমকি দেন।