কুলিং ব্রেকের জন্যই ডাচদের জয়
হারতেই বসেছিল নেদারল্যান্ডস কিন্তু শেষ মুহূর্তে ভেসলি স্নেইডারের দুর্দান্ত হাফ ভলি আর ইয়ান-ক্লাস হুন্টেলারের সফল পেনাল্টিতে শেষ আটে উঠেছে ডাচরা। তবে উত্তেজনায় ঠাসা ম্যাচটি জেতার পর দুই গোলদাতার কাউকে নয়, ডাচ কোচ লুইস ফন গাল যেন ধন্যবাদ দিতে চাইলেন ফুটবল ম্যাচে প্রথমবারের মতো দেয়া পানি পানের বিরতিকে।
শেষ ষোলোর লড়াইয়ে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় মেক্সিকো।
রোববার ফরতালেজার স্তাদিও কাস্তেলাওয়ের অসহ্য গরমের কারণে এই ম্যাচের দুই অর্ধে একবার করে পানি পানের বিরতি (যার পোশাকি নাম ‘কুলিং ব্রেক’) দেয় কর্তৃপক্ষ। খেলার সময়ে ফরতালেজায় তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ।
আর ওই পানি পানের বিরতিতেই নাকি খেলার কৌশল পাল্টে সফল হয়েছে ডাচরা।
ফন গাল বলেন, “প্রথমে আমি ৪-৩-৩ ফর্মেশনে খেলা পাল্টাই, তারপর আমরা অনেকগুলো সুযোগ তৈরি করি, একটা শট গোল পোস্টে লাগে এবং আরেকটা দারুণ সেভ করে মেক্সিকোর গোলরক্ষক।”
“তারপর আমি দ্বিতীয় পরিকল্পনায় যাই। হ্যাঁ, সিদ্ধান্তটা আমি কুলিং ব্রেকের সময় নেই,” যোগ করেন তিনি।
কৌশল বদলটাই তার দলকে বাড়তি সুবিধা দিয়েছে বলে মনে করেন ডাচ এই কোচ।
দ্বিতীয়ার্ধের শুরুতে জিওভানি দস সান্তোসের গোলে এগিয়ে যাওয়ার পর জয়টা প্রায় হাতের মুঠোয় পুড়ে ফেলেছিল মেক্সিকো। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় সব ভেস্তে যায়।
৮৮তম মিনিটে স্নেইডারের বুলেট শটে সমতায় ফেরে নেদারল্যান্ডস। আর যোগ করা সময়ে রাফায়েল মার্কেস ডি বক্সে রবেনকে ফাউল করলে পেনাল্টি পায় নেদারল্যান্ডস। ফন পের্সির বদলি নামা ক্লাস-ইয়ান হুন্টেলারের সফল পেনাল্টিতে বিদায় নিশ্চিত হয়ে যায় মেক্সিকোর।
আর প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগোয় গতবারের রানার্সআপ নেদারল্যান্ডস।
