কাবাইয়ের ভয়
বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্স দলটিকে নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য না থাকলেও প্রথম দুই ম্যাচে তাদের একচ্ছত্র আধিপত্যের পর হিসেব পাল্টেছে। সমর্থকেরা তো বটেই, আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ফরাসি খেলোয়াড়েরাও। তবে আত্মবিশ্বাসটা যেন দম্ভে রুপান্তরিত না হয়, সেজন্যে সতীর্থদের সাবধান করলেন মিডফিল্ডার ইয়োহান কাবাই।
হন্ডুরাসকে ৩-০ ও সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলে ফ্রান্স। শেষ রাউন্ডে ইকুয়েডরের জালে বল পাঠাতে না পারলেও ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের সেরা হয় ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা।
প্রথম দুই ম্যাচের পারফর্ম্যান্স ফিরিয়ে আনতে পারলে সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার স্বপ্ন দেখতেই পারে ফরাসিরা। তবে ২৮ বছর বয়সী কাবাইয়ের ভয়, অতি আত্মবিশ্বাসে খেলোয়াড়েরা মাঠে যেন আবার উদ্ধত আচরণ না করে।
“উচ্চাভিলাষী হওয়াটা দারুণ ব্যাপার। কিন্তু আমরা বিশ্বকাপ জিতবো বলাটা অনেক বড় ব্যাপার।”
কাবাইয়ের মতে, আত্মবিশ্বাসী হয়ে কখনও উদ্ধত আচরণ করা উচিত নয়। ওরকম করলেই সমস্যা হতে পারে।
