২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ব্রাজিলের হুমকি রদ্রিগেস?

স্বপ্ন-যাত্রাটা আরো এগিয়ে নিয়ে যেতে চায় কলম্বিয়া। পথে কোয়ার্টার-ফাইনালে স্বাগতিক ব্রাজিল বাধাকে পরোয়া করছে না এবারের বিশ্বকাপে দেশটির সবচেয়ে বড় তারকা হামেস রদ্রিগেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 01:38 AM

Updated : 22 Aug 2022, 06:36 PM

শনিবার মারাকানা স্টেডিয়ামে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের সীমানা পেরিয়েই দারুণ এক ইতিহাস গড়েছে কলম্বিয়া। জোড়া গোল করে এই অগ্রযাত্রার নায়ক রদ্রিগেস আরো এগিয়ে যেতে চান।

"এটা একটা স্বপ্ন এবং আমরা ইতিহাস গড়ছি। আমরা কিছু করতে চাই। কারণ, এটা এমন একটা দল, যারা অনেক কিছু জিততে চায়।"

স্বপ্ন-যাত্রাটা এগিয়ে নিতে আগামী শুক্রবার শেষ আটে স্বাগতিক ব্রাজিলকে হারাতে হবে তাদের। প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে ওঠা লাতিন এই দেশটি ইতিহাস সমৃদ্ধ করতে তৈরি বলে জানান রদ্রিগেস।

"কোনো চাপ নেই। অবশ্যই তাদের ভালো খেলোয়াড় আছে, তারা ভালোও খেলে। কিন্তু আমার বিশ্বাস, আমাদেরও ভালোভাবে অনুসরণ করতে হবে তাদের। আমাদেরও ভালো খেলোয়াড় আছে এবং আমরাও বিপজ্জনক হতে পারি।"

তাই আগামী শুক্রবার ফরতালেজার স্তাদিও কাস্তেলাওয়ে ম্যাচটি রোমাঞ্চকর হবে বলেই মনে করেন রদ্রিগেস।

"সুন্দর একটি ম্যাচ হতে যাচ্ছে এটি। আমাদের জন্য এই ম্যাচ খেলাটা হবে অসাধারণ কিছু।"

উরুগুয়ের বিপক্ষে করা দুটি গোল অন্তত এই বিশ্বকাপে এক দিক থেকে রদ্রিগেসকে লিওনেল মেসি ও নেইমারের ওপরে তুলে দিয়েছে। ৪ ম্যাচে ৫ গোল করে শীর্ষ গোলদাতাদের তালিকায় তাদের ওপেরই রদ্রিগেস।

তবে এই অর্জন সহজে আসেনি বলেই জানান কলম্বিয়ার স্ট্রাইকার। এমন একটি অর্জনের জন্য কোচ হোসে পেকারমানকেই বেশি কৃতিত্ব দিলেন রদ্রিগেস। কোচ তাকে সবকিছুতে উন্নতি করতে অনেক সাহায্য করেছে বলে জানান তিনি।