নাইজেরিয়ার শক্তিকে সমীহ দেশমের
দ্বিতীয় রাউন্ডের বাধা কখনো পেরুতে না পারা নাইজেরিয়ার প্রতি সমীহের কমতি নেই ফ্রান্সের কোচ দিদিয়ে দেশমের।
সোমবার ব্রাজিলিয়ায় শেষ ষোলোর লড়াইয়ে আফ্রিকার চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স।
প্রতিক্ষককে মোটেও হালকা করে দেখছেন না ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক। আহমাদ মুসা, এমানুয়েল এমেনিকে, পিটার ওদেমউইঙ্গির গড়া আক্রমণভাগকে সমীহ করছেন তিনি।
“কোনো সন্দেহ নেই শারীরিক পর্যায়ে ওরা আমাদের বিপদে ফেলতে পারে। ওদের এমন ফরোয়ার্ড আছে যারা যে কোনো সময় ব্যবধান গড়ে দিতে পারে।”
১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোই নাইজেরিয়া সেরা সাফল্য।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে ফ্রান্স আছে দারুণ ছন্দে। দলটিতে অনেকে ১৯৯৮ এর বিশ্বকাপ জয়ী দলের ছায়া দেখছেন।
“খেলোয়াড়দের অর্জনে আমি গর্বিত। আমাদের এই সময়টা সঠিক ভাবে মূল্যায়ন করতে হবে। অন্য ম্যাচগুলো দেখলেই আপনি বুঝবেন, এটা খুব কঠিন বিশ্বকাপ। অনেক বড় দল বিদায় নিয়েছে কিন্তু এখনো আমরা এখানে আছি।”
২৩ জন খেলোয়াড়কেই প্রস্তুত রাখতে চান দেশম। তাই ইকুয়েডরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুর একাদশের ৬ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন তিনি।
ফরাসি কোচ জানান, খেলোয়াড়দের পারফর্ম্যান্সে তিনি খুশি। তবে তার বিশ্বাস, দল হিসেবে আরো ভালো খেলার সামর্থ্য শিষ্যদের রয়েছে।
