২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারাকানার 'ফাইনাল' ফিরে পেলেন বেলমন্ত

৬৪ বছর আগে ব্রাজিলের মাটিতে প্রথম বিশ্বকাপের 'ফাইনাল' দেখার সুযোগ হারিয়েছিলেন জোয়েদির সানচো বেলমন্ত। ১৯৫০ সালে মারাকানায় বিশ্বকাপ ফাইনাল এবার ফিরে পাচ্ছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 09:01 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

আক্ষরিক অর্থে ১৯৫০ সালে মারাকানা ব্রাজিল-উরুগুয়ে ম্যাচটি ফাইনাল ছিল না। তবে শিরোপা নির্ধারণী সেই ম্যাচের টিকেট ছিল সানচো বেলমন্তের কাছে। কিন্তু প্রায় ২ লাখ দর্শক সেই ম্যাচ দেখলেও সানচো বেলমন্ত মাঠে যেতে পারেননি। মৃত্যুপথযাত্রী মায়ের সেবা করার জন্য বাড়িতেই থেকে যান তিনি।

৬৪ বছর পর আবার বিশ্বকাপ আয়োজন করেছে ব্রাজিল। ফাইনাল হবে সেই মারাকানায়, যেখানে ২-১ গোলে হেরে শিরোপা-স্বপ্নের সমাধি হয়েছিল ব্রাজিলের।

১৯৫০-এর ২১ বছরের তরুণ সানচো বেলমন্তের এখন বার্ধক্য চলছে। ফিফা আগামী বছর একটি জাদুঘর গড়বে শুনে ৮৫ বছর বয়সী এই বৃদ্ধ তার মারাকানার সেই টিকেটেটি দিয়ে দেন। ফিফাও খুশি হয়ে তাকে এবারের ফাইনালের ৩টি টিকেট দেয়।

এবার হয়ত ১৩ জুলাই ফাইনালের দিন মাঠে যেতে পারবেন বেলমন্ত। কিন্তু ব্রাজিল মারাকানায় যেতে পারবে তো?

সানচো বেলমন্তের বিশ্বাস, ব্রাজিল ঠিকই ফাইনাল খেলবে। শুধু তাই নয়, ১৯৫০-এর হিসেব চুকিয়ে নেইমাররা এবার ব্রাজিলের মানুষের দু:খও ভোলাবে বলে মনে করেন তিনি।