২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রুপ পর্যায়ের সেরা একাদশ

শেষ হয়ে গেল ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব। এখানে আলো ছড়ানো তারকাদের সংখ্যা অসংখ্য। তাদের মধ্য থেকে একটি সেরা একাদশ বেছে নেয়াটা বেশ কঠিন। তাই প্রতিটি পজিশনেই একজন করে বিকল্প থাকুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 05:31 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

গিয়েরমো ওচোয়া (মেক্সিকো)

বিশ্বকাপ পারফরম্যান্স দেখলে বিশ্বাস করা কঠিন, এই মুহূর্তে কোনো ক্লাব নেই গিয়েরমো ওচোয়ার। তিন ম্যাচ শেষে এখন এই গোলরক্ষকের পেছনে আগ্রহী ক্লাবের দীর্ঘ লাইন। হবে না কেন? একের পর এক অবিশ্বাস্য সেভ যে করেছেন তিনি! বিশেষত ব্রাজিলের বিপক্ষে খেলায় ছিলেন যেন চীনের প্রাচীর। নেইমারের হেড যেভাবে ফিরিয়েছেন, সেটি মনে করিয়ে দিয়েছেন গর্ডন ব্যাঙ্কসের শতব্দীসেরা সেভকেই।

বিকল্প: কেইলর নাভাস (কোস্টা রিকা)

ফ্যাবিয়ান জনসন (যুক্তরাষ্ট্র)

নকআউট পর্বে যুক্তরাষ্ট্রের উত্তরণে ব্যক্তিবিশেষের ঝলকের চেয়ে দলীয় প্রচেষ্টাই বড়। তারপরও আলাদা করে নজর কেড়েছেন রাইট ফুলব্যাক ফ্যাবিয়ান জনসন। রক্ষণের পাশাপাশি আক্রমণেও তিনি দুর্দান্ত। ঘানার বিপক্ষে তার হাল না ছাড়া দৌড়টিতেই আদায় হয়েছিল কর্নার, যেটি পরে হয়ে যায় জন ব্রুকসের জয়সূচক গোলের উৎস।

বিকল্প: সের্গে অরিয়ের (আইভরি কোস্ট)

রাফায়েল মার্কেস (মেক্সিকো)

বয়স যে সবসময় বাধা হতে পারে না, সেটি চলতি বিশ্বকাপে আবার প্রমাণ করছেন রাফায়েল মার্কেস। ৩৫ বছরে এসে গতি তার কমে গেছে, কিন্তু অভিজ্ঞতা দিয়ে কী দারুণভাবেই না সেটি আড়াল করছেন! টানা চতুর্থ বিশ্বকাপে অধিনায়কত্ব করা এই মেক্সিকান শুধু সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে দুর্দান্ত খেলছেন না, নীচ থেকে আক্রমণ শুরু করে নিচ্ছেন প্লে-মেকারের ভূমিকাও। এমনকি ক্রোয়েশিয়ার বিপক্ষে করেছেন গোলও!

বিকল্প: অস্কার দুয়ার্তে (কোস্টা রিকা)

গ্যারি মেদেল (চিলি)

ক্লাব ফুটবলে খেলেন কার্ডিফ সিটির মতো ‘ছোট’ দলে। সেটিও মিডফিল্ডে। তো সেই গ্যারি মেদেলের সেন্টার-হাফ হিসেবে বিশ্বকাপের প্রথম রাউন্ডের সেরা একাদশে জায়গা হওয়া খানিকটা বিস্ময়কর বৈকি। তবে চিলির জার্সি গায়ে তিনটি ম্যাচে যেমন জান বাজি রেখে খেলেছেন, তাদের এখানে জায়গা পাওয়াটা তাঁর প্রাপ্য। স্পেনের দিয়েগো কস্তা নিশ্চয়ই এর সঙ্গে দ্বিমত পোষণ করবেন না! তাকে যে নড়াচড়ারই সুযোগ দেননি মেদেল।

বিকল্প: হোসে মারিয়া হিমেনেস (উরুগুয়ে)

ডালে ব্লিন্ড (নেদারল্যান্ডস)

তার সুনামের ফিসফাস বেশ কিছু দিন ধরেই ছিল ইউরোপিয়ান ফুটবলাঙ্গনে। বিশ্বকাপে এসে তারই বিস্ফোরন ঘটল যেন। লেফট উইং ব্যাক পজিশন থেকে ভয়ঙ্কর সব ক্রস তিনি আছড়ে ফেলেছেন প্রতিপক্ষের গোলমুখে। স্পেনের বিপক্ষে রবিন ফন পের্সির সেই অবিস্মরণীয় হেডের বলটির যোগান দিয়েছিলেন ব্লিন্ডই। আয়াক্স থেকে আরো বড় কোনো ক্লাবে যেতে তার হয়তো খুব একটা সময় লাগবে না।

বিকল্প: রিকার্দো রদ্রিগেস (সুইজারল্যান্ড)

চার্লস আরানগেস (চিলি)

বিশ্বকাপ পারফরম্যান্সের পর চিলিকে নিয়ে প্রশংসার তুবড়ি ছুটছে দশ দিকে। আলেক্সিস সানচেস, আর্তুরো ভিদাল, এদুয়ার্দো বোর্হেসদের জন্যই এর সিংহভাগ বরাদ্দ। কিন্তু মাঝমাঠে চার্লস আরানগেসের খেলাও চোখ ধাঁধিয়ে দিয়েছে সবার। ভীষণ পরিশ্রমী, প্রতিপক্ষের আক্রমণ ভাঙতে পারেন, আবার নিজেও দিতে পারেন চূড়ান্ত পাস- স্পেনের বিপক্ষে গোলও তো দিয়েছেন। রীতিমতো অলরাউন্ড মিডফিল্ডার।

বিকল্প: মুহামেদ বেসিচ (বসনিয়া-হার্জেগোভিনা)

ব্লেজ মাতুইদি (ফ্রান্স)

ফ্রান্সের বিশ্বকাপের শুরুটা যে এমন ঝলমলে হবে, কেউ ভাবেনি। মাঝমাঝের ইঞ্জিন হয়ে সেটি সম্ভব করায় মাতুইদির অবদান অনেক। তার গতি, শক্তি, পরিশ্রম করার ক্ষমতা ফ্রান্সকে কোনো ম্যাচে মিডফিল্ডের দখল হারাতে দেয়নি। সতীর্থ যে কারো চেয়ে বেশি পাস দিয়েছেন, করেছেন সবচেয়ে বেশি সফল ড্রিবলিংও। সুইজারল্যান্ডের বিপক্ষে দারুণ এক গোলও করেছেন মাতুইদি।

বিকল্প: টনি ক্রুস (জার্মানি)

হামেস রদ্রিগেস (কলম্বিয়া)

‘নতুন ভালদোরামা’র তকমা তার গায়ে সেঁটে দিয়েছিলেন স্বয়ং কার্লোস ভালদেরামা। সেটি যে একটুও বাড়াবাড়ি নয় - কলম্বিয়ার জার্সিতে বিশ্বকাপের তিন ম্যাচে সেটি প্রমাণ করেছেন হামেস রদ্রিগেস। এমনভাবেই যে, চোটের কারণে রাদামেল ফালকাওয়ের অনুপস্থিতির কথা এখন আর কেউ বলছেই না। কলম্বিয়ার প্রায় সব আক্রমণই আবর্তিত এই প্লে-মেকারকে ঘিরে। সঙ্গে তিন ম্যাচের তিনটিই করেছেন গোল। সত্যি বলতে, বিশ্বমঞ্চে এমন আলো সত্যিকারের ভালদেরামাও ছড়াতে পারেননি।

বিকল্প: টমাস মুলার (জার্মানি)

আরিয়েন রবেন (নেদারল্যান্ডস)

খুব সহজেই স্প্রিন্টার হতে পারতেন তিনি। বল পায়ে তুমুল গতিতে যেভাবে ড্রিবলিং করেন, তাতে দর্শকরা হয় উল্লসিত আর প্রতিপক্ষ হতভম্ব। স্পেনের বিপক্ষে গত ফাইনালে সহজ মিসের বদলা এবার যেভাবে দুই গোল করে নিলেন আরিয়েন রবেন- সেটি ফুটবল রূপকথার চিরন্তন অংশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেক গোল, রবেনকে মনে হচ্ছে মিশনে থাকা সৈনিকের মতো, জয়ের আগ পর্যন্ত থামবেন না যিনি।

বিকল্প: হুয়ান কারদাদো (কলম্বিয়া)

নেইমার (ব্রাজিল)

বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসির মতো তারও চার গোল। গোল্ডেন বুট, গোল্ডেন বলের লড়াইয়ে আছেন তাই সামনের সারিতেই। ২২ বছরের নেইমার ব্রাজিলের প্রত্যাশার ভার বইতে পারবেন কিনা, এ নিয়ে সংশয় ছিল। কিন্তু তিন ম্যাচ শেষে সেটি উবে গেছে কর্পূরের মতো। ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোলে শুরু, মাঝের ম্যাচে মেক্সিকোর গিয়েরমো ওচোয়ার বীরত্বের সঙ্গে পেরে ওঠেননি, তবে সর্বশেষটিতে ক্যামেরুনের বিপক্ষে আবার দুই গোল। ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নের সারথী এখন এই নেইমারই।

বিকল্প: রবিন ফন পের্সি।

লিওনেল মেসি (আর্জেন্টিনা)

নিজেই নিজেকে যেন ব্যঙ্গ করছেন লিওনেল মেসি! গত দুই বিশ্বকাপের আট ম্যাচ মিলিয়ে দিয়েছিলেন তিনি মোটে এক গোল। অথচ এবার গোল পেয়েছেন তিন ম্যাচেই। তাতে চার গোল করে গোল্ডেন বুট, গোল্ডেন বল-সব দৌড়েই আছেন শুরুর দিকে। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে দুর্দান্ত গোলের পর ইরানের বিপক্ষে ইনজুরি সময়ে আরেকবার ত্রাতা মেসি। নাইজেরিয়ার বিপক্ষে অসাধারণ এক ফ্রি-কিকে গোলসহ জোড়া লক্ষ্যভেদ- নিঃসন্দেহে আগের দুই আসরের প্রায়শ্চিত্ত করছেন মেসি।

বিকল্প: করিম বেনজেমা (ফ্রান্স)