স্পন্সর হারালেন সুয়ারেস
ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনিকে কামড় দিয়ে নিষিদ্ধ হওয়া উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস এরই মধ্যে একটি পৃষ্ঠপোষক হারিয়েছেন।
অনলাইনে জুয়া খেলার প্রতিষ্ঠান ‘ট্রিপল এইট পোকার’ জানায়, সুয়ারেসের সঙ্গে তারা সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্বকাপের কিছুদিন আগে দূত হিসেবে ট্রিপল এইট পোকারের সঙ্গে যুক্ত হয়েছিলেন সুয়ারেস।
সুয়ারেসের সঙ্গে চুক্তি বাতিল করার কথা ভাবছে ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসও।
২৭ বছর বয়সী সুয়ারেসকে নয়টি আন্তর্জাতিক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এছাড়াও ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে চার মাসের জন্য লিভারপুলের এই তারকাকে নিষিদ্ধ করা হয়েছে।
উরুগুয়ে শেষ ষোলোর লড়াইয়ে শনিবার কলম্বিয়ার মুখোমুখি হবে।
