২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাটো চিলিয়ানদের সুবিধা নিতে চায় ব্রাজিল

চিলির বিপক্ষে ম্যাচের আগে অন্যরকম একটা সুবিধার হিসাব বের করেছেন ফ্রেদ। চিলির ডিফেন্ডাররা আকারে খাটো বলে দাভিদ লুইস, চিয়াগো সিলভা ও তার মতো লম্বা খেলোয়াড়রা হেড থেকে গোল করায় সুবিধা পাবেন বলে মনে করেন ব্রাজিলের এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 05:26 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

বেলো হরিজন্তেতে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোর লড়াইয়ে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। স্বাগতিক হিসাবে ঘরের সমর্থকদের পাশে পাওয়ার সুবিধা তো আছেই তাদের। এর সঙ্গে ফ্রেদ তার সতীর্থদের আরো একটি বাড়তি সুবিধার কথাও মনে করিয়ে দিলেন।

তেরেসোপোলিসে অনুশীলন শিবিরে সাংবাদিকদের ফ্রেদ বলেন, "আমি আমাদের ফুলব্যাক, উইঙ্গারদের সঙ্গে কথা বলেছি; তারা (চিলির খেলোয়াড়) খাটো।"

গ্রুপ পর্বের ৩ ম্যাচে ফ্রেদের একমাত্র গোলটি এসেছে হেড থেকে। শারীরিকভাবে শক্তসামর্থ্য ব্রাজিলের এই স্ট্রাইকারের উচ্চতা প্রায় ৬ ফুট সোয়া এক ইঞ্চি।

সবশেষ দুই ম্যাচে চিলির রক্ষণ সামলানো তিন ডিফেন্ডারের উচ্চতা ফ্রেদের চেয়ে কম। চিলির রক্ষণের অন্যতম ভরসা ফ্রান্সিসকো সিলভার উচ্চতা প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি। গনসালো হারা তার চেয়েও একটু খাটো, ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চির চেয়ে সামান্য বেশি। শনিবার বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওতে নেইমারকে পাহারা দেয়ার ঘোষণা দিয়েছেন যিনি, চিলির সেই ডিফেন্ডার 'পিটবুল' গ্যারি মেদেলের উচ্চতা ৫ ফুট সোয়া ৭ ইঞ্চির একটু বেশি।

উচ্চতার এই পার্থক্য ফ্রেদের জন্য আশীর্বাদ হয়ে আসলেও আসতে পারে। তবে ব্রাজিল দলের সবাই আবার ফ্রেদের মতো লম্বা চওড়া নন। দলের মূল ভরসা নেইমারের উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চির কাছাকাছি।

এমনিতে হেড করে গোল করার ব্যাপারে ভালোই সুনাম আছে ব্রাজিলের দুই ডিফেন্ডার লুইস ও সিলভার। এ দুজনের উচ্চতাটাও ভালোই। সিলভার উচ্চতা প্রায় ৬ ফুট আড়াই ইঞ্চি। সিলভার এর চেয়ে একটু কম (প্রায় ৬ ফুট দেড় ইঞ্চি)।

বৃহস্পতিবার ব্রাজিল দলের অনুশীলনে দানি আলভেসের জায়গায় মাইকন খেলেছেন। শারীরিকভাবে শক্তসামর্থ্য এই ডিফেন্ডার মাঠে নামলে উচ্চতার দিক থেকে আরো একটু এগিয়ে যাবে ব্রাজিল। রোমার এই ডিফেন্ডারের উচ্চতা ঠিক ফ্রেদের সমান, ৬ ফুট সোয়া এক ইঞ্চি।

সবকিছু মিলিয়ে ফ্রেদ চিলিকে একটা হুমকিই দিয়ে রেখেছেন, "উচ্চতার কারণে ফ্রি কিক আমাদের জন্য ভালো একটা অস্ত্র হতে পারে।"