২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলশূন্যতা নিয়ে দুশ্চিন্তা নেই দেশমের

গোলবন্যা থেকে গোল-খরা, কিন্তু এ নিয়ে একদমই দুশ্চন্তায় নেই ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। টুর্নামেন্টের এই পর্যায়ে যা পাওয়ার কথা, সেটা পেয়েই খুশি তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 05:01 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

বুধবার রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে ১০ জনের দলে পরিণত হওয়া ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে ফ্রান্স। প্রথম দুই ম্যাচে ৮ গোল করা ফ্রান্স এ ম্যাচে শূন্য হাতে ফেরায় সমালোচনাও শুরু হয়ে গেছে চারদিকে।

১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্সের অধিনায়ক দেশম কিন্তু এই গোল না পাওয়া নিয়ে মোটেই ভাবছেন না। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠতে পেরেই খুশি তিনি।

"আমাদের লক্ষ্য ছিল গ্রুপ পর্ব উতরানো। সম্ভব হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চেয়েছি এবং এটা আমরা করতে পেরেছি। আমরা খুব খুশি। তবে এখনই সবকিছু শেষ হয়ে যায়নি।"

শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ নাইজেরিয়া। ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় ম্যাচটি  হবে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায়। গোল না পাওয়া নিয়ে নয়, ফ্রান্স দলের ভাবনা এখন ওই ম্যাচকে ঘিরে।

শেষ ষোলো মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল বলেই, বুধবার ইকুয়েডরের বিপক্ষে দল নিয়ে একটু পরীক্ষা-নিরীক্ষা করতে চেয়েছিলেন দেশম। সুযোগ দিয়েছিলেন বেঞ্চের খেলোয়াড়দের।