সুয়ারেসের কামড়-কাণ্ডে তদন্ত শুরু
ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনির কাঁধে লুইস সুয়ারেসের কামড় দেয়ার অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা। এই কাণ্ডে বড় ধরণের শাস্তি পেতে পারেন উরুগুয়ের এই তারকা।
বিশ্বকাপের বাকি ম্যাচগুলো হয়ত আর খেলতে পারবেন না লিভারপুলের এই স্ট্রাইকার।
সুয়ারেসের বিরুদ্ধে তদন্ত শুরু করার সিদ্ধান্তের বিষয়টি মঙ্গলবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে বুধবার ব্রাজিলিয়ার স্থানীয় সময় বিকেল ৫টার মধ্যে সুয়ারেস এবং উরুগুয়ে ফুটবল সংস্থাকে নিজেদের অবস্থান জানাতে বলেছে ফিফা।
মঙ্গলবার ‘ডি’ গ্রুপের শেষ রাউন্ডে দিয়েগো গদিনের একমাত্র গোলে ইতালিকে হারিয়ে নকআউট পর্বে খেলা নিশ্চিত করে উরুগুয়ে।
ওই ম্যাচের নির্ধারিত সময় শেষের ১০ মিনিট বাকি থাকতে অপ্রীতিকর কাণ্ডটা করেন সুয়ারেস। কিয়েল্লিনির সঙ্গে ধাক্কাধাক্কির এক পর্যায়ে হঠাৎ করেই তার কাঁধে কামড় দেন তিনি। তারপরই নিজের দাঁত ধরে মাঠে বসে থাকতে দেখা যায় সুয়ারেসকে।
তাছাড়া রয়টার্সসহ অনেক সংবাদ মাধ্যমের তোলা ছবিতে কিয়েল্লিনির কাঁধে কামড়ের দাগ দেখা গেছে।
আর ২০১০ সালে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স আমস্টারডমে হয়ে খেলার সময় পিএসভি আইন্দহোভেনের অটমান বাকালকে কামড়ানোর কারণে ৭ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন।
ফলে আবারো হয়ত লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।
বিশ্বকাপের গত আসরেও বিতর্কিত ঘটনার জন্ম দেন সুয়ারেস। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শেষ আটের ম্যাচের অতিরিক্ত সময়ে ঘানার একটি নিশ্চিত গোলের প্রচেষ্টা হাত দিয়ে ঠেকিয়ে দেন তিনি। ওই অপরাধে লাল কার্ড দেখায় সেমি-ফাইনালে খেলতে পারেননি সুয়ারেস।
