কামড় দিয়ে বিপাকে সুয়ারেস
এবার বিশ্বকাপের ম্যাচেও প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড়ে দিলেন লুইস সুয়ারেস। মঙ্গলবার ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনির কাঁধে কামড় দেন উরুগুয়ের এই তারকা।
এই কাণ্ডে নিষেধাজ্ঞা পেতে পারেন উরুগুয়ের এই তারকা ফরোয়ার্ড।
ঘটনাটা ঘটে ‘ডি’ গ্রুপের শেষ রাউন্ডে ইতালি-উরুগুয়ে ম্যাচে নির্ধারিত সময় শেষের ১০ মিনিট বাকি থাকতে। কিয়েল্লিনির সঙ্গে ধাক্কাধাক্কির এক পর্যায়ে হঠাৎ করেই তার কাঁধে কামড় দেন সুয়ারেস।
ঘটনাটি রেফারির চোখ এড়িয়ে গেলেও কিয়েল্লিনি তার কাঁধে কামড় দেয়া জায়গা রেফারিকে দেখানোর চেষ্টা করেন। এর জন্য অবশ্য মাঠে সুয়ারেসকে কোনো শাস্তি পেতে হয়নি।
ম্যাচের কোনো ঘটনা রেফারির চোখ এড়িয়ে গেলে ভিডিও ফুটেজ দেখে অপরাধী খেলোয়াড়কে শাস্তি দেয়ার নিয়ম আছে ফিফায়।
ওই ঘটনার মিনিট খানেক পরেই উরুগুয়ের জয়সূচক গোলটি করেন দিয়েগো গদিন। আর এই জয়ে ইতালিকে পেছনে ফেলে মৃত্যুকূপ 'ডি' গ্রুপের রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠে লাতিন আমেরিকার দেশটি।
প্রতিপক্ষকে কামড় দেয়ার পাগলামি অবশ্য এই প্রথম নয় সুয়ারেসের। গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড়ে দিয়ে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি।
বিশ্বকাপের গত আসরেও বিতর্কিত ঘটনার জন্ম দেন সুয়ারেস। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শেষ আটের ম্যাচের অতিরিক্ত সময়ে ঘানার একটি নিশ্চিত গোলের প্রচেষ্টা হাত দিয়ে ঠেকিয়ে দেন তিনি। ওই অপরাধে লাল কার্ড দেখায় সেমি-ফাইনালে খেলতে পারেননি সুয়ারেস।
