সুয়ারেসের পক্ষে কোচ অধিনায়কের সাফাই
ইতালির জর্জো কিয়েল্লিনিকে লুইস সুয়ারেসের কামড় দেয়া নিয়ে ফুটবল বিশ্বে হইচই যেন থামছেই না। এরই মধ্যে উরুগুয়ের কোচ আর অধিনায়ক সাফাই গেয়েছেন সুয়ারেসের পক্ষেই।
উরুগুয়ের কোচ অস্কার তাবারেস এটিকে দেখছেন ব্রিটিশ সংবাদমাধ্যমের ষড়যন্ত্র হিসেবে, আর অধিনায়ক লুগানো প্রশ্ন তোলেন ইতালির ডিফেন্ডার কিয়েল্লিনির আচরণ নিয়ে।
মঙ্গলবার নাতালের স্তাদিও দাস দুনাসে ১-০ গোলে জিতে নকআউট পর্ব নিশ্চিত করে উরুগুয়ে। কিন্তু সবকিছু ছাপিয়ে এই ম্যাচে বড় হয়ে ওঠে ইতালির ডিফেন্ডারকে দেয়া সুয়ারেসের কামড়ের ঘটনা।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনের বড় একটা অংশ জুড়ে ছিল এই আলোচনাই। সাংবাদিকদের প্রশ্নের এক পর্যায়ে বিষয়টিকে সুয়ারেসের বিরুদ্ধে ব্রিটিশ সংবাদমাধ্যমের ষড়যন্ত্র বলে দাবি করেন কোচ অস্কার তাবারেস।
চোটের কারণে প্রথম দুই ম্যাচ খেলতে না পারা সুয়ারেস ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন। জোড়া গোল করে ইংল্যান্ডের বিপক্ষে দলকে জেতান তিনিই।
কোচের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন উরুগুয়ের অধিনায়ক দিয়েগো লুগানোও। কিয়েল্লিনির আচরণেই সমস্যা দেখছেন তিনি।
"সবচেয়ে বাজে ছিল কিয়েল্লিনির আচরণ। মর্যাদাসম্পন্ন একজন অসাধারণ খেলোয়াড় সে। কিন্তু তার এই আচরণ ইতালির ফুটবলের সঙ্গে যায় না। একজন ক্রীড়াবিদ তার প্রতিপক্ষের বিরুদ্ধে কেঁদেকেটে নালিশ করে মাঠ ছাড়বে, একজন পুরুষ হিসেবে সে আমাকে পুরোপুরি হতাশ করেছে।"
ইতালির রক্ষণে ঘটনাটি ঘটার পর কিয়েল্লিনি তার জার্সি সরিয়ে কামড়ের দাগ দেখাতে রেফারির কাছে যান। এ সময় তার পেছনে আসা উরুগুয়ের এক খেলোয়াড় সেটা ঢেকে দেয়ারও চেষ্টা করেন।
তাবারেসের মতো লুগানোও সাংবাদিকদের বলেন, সুয়ারেসকে কামড় দিতে দেখেননি তিনি। উল্টো সাংবাদিকদেরই প্রশ্ন করেন তিনি।
"আপনরা কি মনে করেন? আপনারা কি দেখেছেন? সত্যি কি এটা দেখেছেন আপনারা?"
এর পর নিজে থেকেই এর উত্তরও দেন লুগানো, "আপনারা আজ (মঙ্গলবার) এটা দেখেননি, কারণ কিছুই ঘটেনি।"
সংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান উরুগুয়ের ফরোয়ার্ড দিয়েগো ফোরলানও, "আমি কিছুই দেখিনি বন্ধু, কিছুই দেখিনি।"
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই আরেনা দাস দুনাস ছেড়েছেন সুয়ারেস। ম্যাচ শেষে উরুগুয়ের খেলোয়াড়রা যখন দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আনন্দ করছিল, সুয়ারেস অন্যদের থেকে আলাদা হয়ে একা একাই হাঁটছিলেন।
ঘটনা যেখানে ঘটেছে, সেখানে বল না থাকায় বিষয়টি হয়ত চোখ এড়িয়ে গেছে রেফারিরও। এ কারণেই হয়ত ম্যাচের সময় কোনো শাস্তি পাননি সুয়ারেস। তবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা।
কামড় দেয়ার কারণে ক্লাব ফুটবলে এর আগে দুবার নিষিদ্ধ হওয়া সুয়ারেসের দোষ প্রমাণিত হলে এই বিশ্বকাপে তার আর খেলা নাও হতে পারে। আন্তর্জাতিক ফুটবলে লম্বা নিষেধাজ্ঞাও পেতে পারেন তিনি।
