২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রগবাদের জন্য কোচের হতাশা

মাত্র কয়েক সেকেন্ডের জন্য ইতিহাস গড়তে পারলেন না দিদিয়ের দ্রগবারা। শেষ মুহূর্তের পেনাল্টি গোলে গ্রিসের কাছে হেরে শেষ ষোলোর স্বপ্নের সমাধি হওয়ার পর কোত দি ভোয়ার (আইভরি কোস্ট) কোচ সাবরি লামুশি দ্রগবা-তুরেদের জন্য দু:খ পাওয়ার কথা বললেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 04:54 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

মঙ্গলবার ফরতালেজার স্তাদিও কাস্তেলাওয়ে গ্রিসের বিপক্ষে ড্র করতে পারলেই প্রথম বারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার ইতিহাস গড়তে পারত কোত দি ভোয়া। কিন্তু আরো একবার দেশটির ফুটবল ইতিহাসের সোনালি প্রজন্মরা ব্যর্থ হলো।  

দ্রগবাদের কোচ এই পরাজয়টি যেন মেনেই নিতে পারছেন না। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তার কথাতেই সেটা স্পষ্ট, "গ্রিকদের জয় প্রাপ্য থাকার পরও আমি ফলটাকে নিষ্ঠুরই বলব।"

ব্রাজিল বিশ্বকাপ কোত দি ভোয়ার সামনে শুধু ইতিহাসের হাতছানি নিয়ে দেখা দেয়নি, বেশ কয়েকটি টুর্নামেন্টের হতাশাও ভোলার উপলক্ষ হয়েও এসেছিল।

২০০৬ সাল থেকেই আফ্রিকান নেশন্স কাপের ফেভারিট দিদিয়ের দ্রগবারা। কিন্তু শিরোপা জিততে পারেনি তারা।

২০০৬ ও ২০১২ সালে ফাইনালে টাইব্রেকারে হেরেছে কোত দি ভোয়া। ২০০৮, ২০১০ ও ২০১৩ সালে ফাইনালেই উঠতে পারেনি।

সব মিলিয়ে আফ্রিকা মহাদেশীয় ফুটবলে 'চোকার' নাম পেয়ে যায় দ্রগবা-তুরে সমৃদ্ধ দলটি।

মঙ্গলবার গ্রিসের বিপক্ষে ম্যাচে অবশ্য তাদের পারফরম্যান্সে দলটিকে চোকার মনে হয়নি। পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত বড় টুর্নামেন্ট তাদের কাছে ধরা দিল বিয়োগান্তক হিসেবেই।

লামুশির সব হতাশা কোত দি ভোয়ার সোনালি প্রজন্মের জন্য।

"৬ জন খেলোয়াড় তিনটি বিশ্বকাপ খেলেছে এবং ৪জন আছে দুটি বিশ্বকাপ খেলা। তীব্র চেষ্টা করা এই সব খেলোয়াড়দের জন্য আমি দু:খিত...।"