২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুয়েডরে থামবে ফ্রান্সের গোলবন্যা?

২০১০ বিশ্বকাপ দুঃস্বপ্ন আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে। ২০১৪ বাছাইপর্বও পেরিয়েছে কোনোমতে। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে আগে চোটের কারণে দলের সেরা তারকা ফ্রাঙ্ক রিবেরির ছিটকে যাওয়া। এই তিনে মিলে ব্রাজিল আসরের আগে ফ্রান্সের উপর ভরসা করার লোক খুব বেশি ছিল না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 04:21 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

অথচ সেই ফ্রান্স কিনা ব্রাজিল বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলল অমন চোখ ধাঁধানো ফুটবল! দুই ম্যাচে আট গোল দেওয়া তো চাট্টিখানি কথা না। জিনেদিন জিদান পরবর্তী সময়ে শিল্পিত ফুটবল থেকে ক্রমশ শ্রমনির্ভর কার্যকরী ফুটবলের দিকে ঝুঁকছিল ফ্রান্স। ব্রাজিল বিশ্বকাপে আনন্দদায়ী বিস্ময় হয়ে এসেছে তাই ফরাসিদের ফুটবল সৌন্দর্যে প্রত্যাবর্তন।

বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় ইকুয়েডরের বিপক্ষে মারাকানার ম্যাচের আগে তাই প্রত্যাশা পারদটা উঁচুতে। ড্র করলেই ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা। কিন্তু আগের দুই ম্যাচে অমন সৃজনশীল ফুটবলের ঢেউ বইয়ে দেওয়ার পর কী আর অমন নেতিবাচকতার খোলসে ফিরে যাবে দিদিয়ে দেশমের শিষ্যরা!

ফ্রান্সের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন জরুরি এ কারণেই যে, তাহলে হয়তো নকআউট পর্বের শুরুতে এড়ানো যাবে ‘এফ’ গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। ইকুয়েডরের অমন প্রতিপক্ষ বাছাইয়ের সুযোগ নেই। যেনতেনভাবে দ্বিতীয় রাউন্ডে যাওয়াই তাদের লক্ষ্য। সুইজারল্যান্ডের সঙ্গে তাদেরও সমান তিন পয়েন্ট। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় লাতিন আমেরিকার দেশটি আছে দ্বিতীয়তে। সুইসরা শেষ ম্যাচ খেলবে তুলনামূলক দুর্বল হন্ডরাসের বিপক্ষে। ওই খেলায় তাদের জয় পাওয়ার অর্থ জিততে হবে ইকুয়েডরকেও। এরপর তাকিয়ে থাকা গোল পার্থক্যের দিকে। যেহেতু গ্রুপের শেষ রাউন্ডের খেলা দুটো একই সময়ে হবে, অন্য সব ভাবনা পাশে সরিয়ে রেখে ইকুয়েডরকে তাই ফ্রান্স-জয়ের মিশন নিয়েই মারাকানায় নামতে হবে।

’৯৮-র বিশ্বকাপজয়ী অধিনায়ক দেশম কোচ হিসেবে ফিরে ফিরিয়েছেন ফ্রান্সের শৃঙ্খলা। যে কারণে সামির নাসরির মতো প্লে-মেকারকেও বিশ্বকাপ স্কোয়াডে রাখেননি তিনি। ব্রাজিলে প্রথম ম্যাচে পল পগবা লাল কার্ড পেতে পেতে বেঁচে যাওয়ায় পরের খেলার একাদশ থেকে বাদ। ‘কড়া হেডমাস্টার’ দেশম অবশ্য শাস্তি শেষে ইকুয়েডরের বিপক্ষে ফেরাবেন প্রতিভাবান পগবাকে। দুই হলুদ কার্ডের কারণে ইয়োহান কাবাই না থাকায় সেটি জরুরিও। প্রথম ম্যাচ বেঞ্চে থাকা অলিভিয়ে জিরুদ দ্বিতীয়টিতে ফিরে নিজে এক গোল করেছেন, করিয়েছেন আরেকটি। গ্রুপের শেষ ম্যাচে জায়গা ধরে রাখবেন তিনিও। ফরোয়ার্ড লাইনে ফর্মের চূড়ায় থাকা করিম বেনজিমার সঙ্গী হবে জিরুদ।

ইকুয়েডরের কোচ রেইনালদো রুয়েদা ভরসা রাখছেন সর্বশেষ ম্যাচের একাদশে, হন্ডুরাসের বিপক্ষে যারা এনে দেয় ২-১ গোলের জয়। সুইসদের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে যাওয়ার পর ওই জয়টি আবার বিশ্বকাপের কক্ষপথে ফিরিয়েছে ইকুয়েডরকে। ফ্রান্সের বিপক্ষে ‘ভালো ফল’-এর আশা তো রুয়েদা করছেনই, আশায় আছেন অন্য ম্যাচে হন্ডুরাস সুইজারল্যান্ডের বিপক্ষে পয়েন্ট কেড়ে নেবে, “অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে হন্ডুরাস দারুণ দল। সুইসদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই হবে তাদের। আশা করি সুইসদের বিপক্ষে ওরা পয়েন্ট কেড়ে নিতে পারবে, যা আমাদের সাহায্য করবে। অবশ্য যদি আমরা ফ্রান্সের বিপক্ষে ভালো ফল পাই, তবেই!”

দিদিয়ের দেশমের এই ফ্রান্সের বিপক্ষে ভালো ফল? বিশ্বকাপ আবহের ভাবনায় সেটি হয়তো তত কঠিন ছিল না। কিন্তু প্রথম দুই ম্যাচের পর তা ভীষণই কঠিন!