শেষ ষোলোতে গ্রুপসেরা কোস্টা রিকা
সান্ত্বনার জয়ও পেল না ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোস্টা রিকার সঙ্গে গোলশূন্য ড্র করেই ব্রাজিল থেকে ফিরতে হলো ১৯৬৬ সালের চ্যাম্পিয়নদের।
‘ডি’ গ্রুপের শেষ রাউন্ডের এই ম্যাচে অনেকটা এলোমেলো ফুটবলের মাঝে প্রয়োজনীয় একটা পয়েন্ট ঠিকই তুলে নিয়েছে মধ্য আমেরিকার দেশ কোস্টা রিকা। ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আসরের চমক জাগানো দলটি।
অন্য ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে একমাত্র গোলে হারিয়ে কোস্টা রিকার সঙ্গী হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে।
প্রথম দুই ম্যাচ হেরে ইংল্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় কোস্টা রিকার বিপক্ষে ইংলিশদের লড়াইটা ছিল শুধুই সান্ত্বনার একটা জয় পাওয়ার। তবে সে লক্ষ্যে বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরোয় শুরুটা মোটেও আশাব্যাঞ্জক করতে পারেনি তারা।
প্রথমার্ধে মাত্র দুবার গোল করার সুযোগ পায় ইংল্যান্ড। দুবারই সুযোগ নষ্ট করেন লিভারপুলের স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ।
অন্যদিকে, উরুগুয়ে ও ইতালিকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করা কোস্টা রিকার জন্য ম্যাচটি ছিল শুধুই গ্রুপ সেরা হওয়ার উপলক্ষ। ড্র করলেই চলতো তাদের।
সেজন্যে হয়ত শুরু থেকেই নিজেদের রক্ষণ সামলাতে মনোযোগী ছিল দলটি। প্রথমার্ধে তেমন কোনো সুযোগও তাই পায়নি তারা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে ইংল্যান্ড। চতুর্থ মিনিটে ভালো একটা সুযোগও পেয়ে যায় তারা। কিন্তু আবারো ব্যর্থ স্টারিজ।
ম্যাচের বাকি সময়ে আরো কয়েকটি সুযোগ পায় ইংল্যান্ড। কিন্তু সাফল্য মেলেনি। কখনও প্রতিপক্ষের রক্ষণভাগের দৃঢ়তায় আবার কখনও নিজেদের ব্যর্থতায় হতাশ হতে হয় দলটিকে।
