সমান সম্মান চান মেক্সিকো কোচ
ফুটবল বিশ্বে ইউরোপ আর লাতিন আমেরিকার দেশগুলো সমীহ জাগানো শক্তি। বিশ্বকাপের সব শিরোপা তো এই দুই মহাদেশের দেশগুলোই ভাগ করে নিয়েছে। তবে মেক্সিকোর কোচ মিগেল এররেরা মনে করেন, কনকাকাফ দেশগুলোকেও সেই সম্মান দেখানোর সময় এসেছে।
সোমবার ইউরোপের দল ক্রোয়েশিয়াকে বিদায় করে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে মেক্সিকো।
কনকাকাফের দলগুলো ভালো করছে এবার। দুই বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে মৃত্যুকূপ 'ডি' গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে কোস্টা রিকা। তাদের সঙ্গে যোগ দেয়ার মতো ভালো অবস্থানে রয়েছে 'জি' গ্রুপের দল যুক্তরাষ্ট্র।
উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল থেকে কখনো তিনটি দল শেষ ষোলোয় যেতে পারেনি।
বহু বছর ধরে ইউরোপ আর লাতিন আমেরিকার প্রতিদ্বন্দ্বীদের ছায়ায় ছিল কনকাকাফের দলগুলো। একমাত্র হন্ডুরাসকেই এবার সংগ্রাম করতে হয়েছে। এররেরা মনে করেন কনকাকাফ দেশগুলো এখন অনেক পরিণত।
"এটা পরিস্কারভাবে দেখাচ্ছে যে, আমাদের অঞ্চলে আমরা শক্তিশালী ও আরো দৃঢ় হয়ে উঠছি। দক্ষিণ আমেরিকা কনফেডারেশন (কনমেবল) ও উয়েফাকে যেভাবে দেখা হয় আমাদেরও সেভাবে দেখার সময় এসেছে।"
