চাপ নেইমারের কাছে যেন হাসের পিঠে জল!
এক বছর আগের কথা। লুইস ফেলিপে স্কলারি নেইমারকে কেন্দ্র করে ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের পরিকল্পনা সাজাচ্ছিলেন। আর ফুটবল বিশ্বে একটি প্রশ্ন ঘুরছিল-নেইমার পারবেন কোটি মানুষের এই স্বপ্নের ভার বইতে? বিশ্বকাপের গ্রুপ পর্বেই ব্রাজিলের এই 'বিস্ময় বালক' দেখালেন কত অবলীলাতেই সব চাপ ঝেড়ে ফেলা যায়।
গত বছরের কনফেডারেশন্স কাপের আগে পর্যন্ত নেইমার ব্রাজিলের ঘরোয়া ফুটবলে খেলছিলেন এবং ইউরোপীয় দলগুলোর বিপক্ষে ঠিক যেন আলো ছড়াতে পারছিলেন না।
প্রশ্নটা আরো জোরেসোরে উঠতে থাকে-দেশের মাটিতে বিশ্বকাপের চাপ নেইমার সামলাতে পারবেন তো?
এক বছর চলে গেল। নেইমার বিশ্বকাপে ৩টি ম্যাচ খেলে ফেললেন, ৪টি গোলও পেলেন। চাপ যেন তার কাছে হাসের পিঠে জল। ব্রাজিলের বিস্ময়বালক ঝাঁকি মেরে যেন তার ওপরের সবটুকু চাপ ফেলে দিলেন।
সোমবার ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় স্তাদিও নাসিওনালেও আরেকবার উজ্জ্বলতা ছড়ালেন নেইমার। অসাধারণ দুটি গোল করে দলকে এনে দিলেন দারুণ শুরু। তার জোড়া গোলেই ক্যামেরুনকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে ওঠে ব্রাজিল।
শুধু দুটি গোল করাই নয়, বল নিয়ে দারুণ সব কারিকুরিও দেখিয়েছেন নেইমার। ব্রাজিলকে উন্মাতাল করে তুলেছেন সাম্বার ছন্দে।
ক্যামেরুনের এক ডিফেন্ডারকে ধন্দেয় ফেলে ফ্লিক করে তার মাথার ওপর দিয়ে একবার বল নিয়ে যান নেইমার। স্তাদিও নাসিওনালের পুরো গ্যালারি তার এই 'জাদু'তে মুগ্ধ হয়েছে।
ম্যাচ সেরা নেইমার চাপ না থাকার কারণও ব্যাখ্যা করেন।
"আমি বরাবরই বলে এসেছি, স্বপ্ন পূরণের মধ্যে চাপ থাকে না। ছোট বেলা থেকে আমি এই স্বপ্নটিই দেখে এসেছি। সারা জীবন আমি এই ধরণের ম্যাচ খেলারই স্বপ্ন দেখেছি।"
চাপহীন হয়ে স্বাভাবিক খেলা খেলে যেতে পারার জন্য স্কলারির প্রশংসা প্রতিনিয়তই জুটছে নেইমারের। এবার তাকে অন্যরকম একটা প্রশংসাও করলেন ব্রাজিল কোচ।
আক্রমণের মতো নেইমার যে রক্ষণের ভূমিকা রাখে, স্কলারি তুলে ধরেছেন সেটাই, "আমি অনেকবারই বলেছি সে সব কিছুতেই অংশ নেয়।"
স্কলারি জানান, মাঝেমধ্যে নীচে নেমে প্রতিপক্ষের ফরোয়ার্ডকে মার্কিং করার কাজটা নেইমার সান্তোসের কোচের কাছ থেকে শিখে এসেছে।
