আলজেরিয়ার এবার শেষ ষোলোর স্বপ্ন
ব্রাজিলের দক্ষিণের শহর পোর্তো আলেগ্রে আলজেরিয়ার কাছে এখন একটা তীর্থভূমির মতোই মনে হতে পারে। আলজেরিয়ার মানুষ অন্তত শহরটিকে পোর্তো আলজেরিয়া বলে ডাকতে চাইতে পারে। এই শহরেই যে তাদের বিশ্বকাপে একটি ম্যাচ জয়ের ৩২ বছরের অপেক্ষার অবসান হয়েছে।
স্তাদিও বেইরা রিওতে রোববারের ৪-২ গোলের রোমাঞ্চকর জয়টি আলজেরিয়াকে এখন স্বপ্ন দেখাচ্ছে শেষ প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নেয়ার।
আলজেরিয়াকে এই আনন্দ আর ইতিহাসের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন দেশটির সাহসী কোচ ভাহিদ হালিলহোদিচ। বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে যাওয়া দলটির বেশ কয়েকজনকে বাইরে রেখেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুর একাদশ সাজান তিনি।
ম্যাচ শেষে সাহসী এই পদক্ষেপ নিয়ে কথা বলেন হালিলহোদিচ।
"কোরিয়া কিভাবে খেলে সেটা হিসেবে নিয়েছি আমি। কিছু সতেজ খেলোয়াড় চাইছিলাম আমি।"
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়টি আলজেরিয়াকে একেবারেই বদলে দিয়েছে বলে জানান দেশটির কোচ।
"আমাদের সাহসী হতে হতো। কিন্তু প্রতি ম্যাচের পরই আমরা আরো উন্নতি করছি এবং ৩২ বছর পর পাওয়া এই জয়টি আমাদের কাছে অনেক কিছু। দলীয় চেতনা এখন অনেক উঁচুতে।"
২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে বেলজিয়াম। 'এইচ' গ্রুপ থেকে দ্বিতীয় পর্বে তাদের সঙ্গী হওয়ার লড়াই আলজেরিয়া, রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার।
আগামী বৃহস্পতিবার রাশিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হবে আলজেরিয়ার। সমীকরণ মিলে গেলে ড্র করেও গ্রুপ পর্বের বৈতরণী পার হতে পারবে তারা। গোল ব্যবধানে এগিয়ে থাকায় এদিক দিয়েও এগিয়ে আছে তারা।
রাশিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে উত্তেজিত হালিলহোদিচ, "রাশিয়া ফেভারিট দল। কিন্তু আমাদের লড়াই করতে হবে, সাহসী হতে হবে এবং একই সঙ্গে ভোগার জন্য তৈরি থাকতে হবে। এটা কষ্টসাধ্য, তবে সম্ভব।"
