সকারুদের সঙ্গে স্পেনের মান বাঁচানোর ম্যাচ
কতো দ্রুতই না বর্তমান থেকে ‘অতীত’ হয়ে গেল স্পেন! এই যে বাংলাদেশ সময় সোমবার রাত দশটায় কুরিচিবার বাইজাদা অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ম্যাচ, সেটি নিয়ে ক’জনেরই-বা আগ্রহ আছে। বরং নেদারল্যান্ডস-চিলি অন্য দ্বৈরথের ফলে কারা ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়, সেদিকেই নজর সবার। অথচ এই স্পেন এখনো বিশ্ব চ্যাম্পিয়ন!
'বিশ্ব চ্যাম্পিয়ন' তকমাটি অবশ্য স্প্যানিয়ার্ডদের বিদ্রুপই করবে। কেননা টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে ব্রাজিল বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিশ্চিত। তবে ১৩ জুলাই মারাকানার ফাইনাল শেষ হওয়ার আগ পর্যন্ত তো আর নতুন বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারিত হচ্ছে না। ততক্ষণ পর্যন্ত তাই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে থাকছে স্পেন; অন্তত কাগজ-কলমে। আসলে তাদের অবস্থা সেই রাজার মতো, যুদ্ধে হেরে যাওয়ার পর যার কেবল রাজ্য থেকে নির্বাসিত হওয়ার আনুষ্ঠানিকতা বাকি।
তবু ‘রাজ্যহীন রাজার অহম’ বলে একটা কথা আছে। সেটি জেগে উঠলে অস্ট্রেলিয়ার জন্য বেজে উঠবে সর্বনাশের পাগলাঘণ্টি! আগের দুই ম্যাচে নেদারল্যান্ডস-চিলির কাছে হার, বিশ্বকাপ থেকে বিদায়, ট্রফি হারানোর হাহাকার, সব ঝাল স্পেন আজ মেটাতে পারে ‘সকারু’দের উপর। তাতে যদি হারানো সম্মান কিছুটা পুণরুদ্ধার হয়।
সেই মিশনে একটি অনুপস্থিতি বড় বেশি বাজবে সকারু সমর্থকদের বুকে। প্রথম দুই খেলায় হলুদ কার্ড পাওয়ায় বহিষ্কারাদেশের কারণে আজ যে টিম ক্যাহিলের খেলা হচ্ছে না! বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ১১ গোলের পাঁচটিই করেছেন তিনি। বিশেষত এই বিশ্বকাপের দুই ম্যাচেই গোল করেছেন, এর মধ্যে ডাচদের বিপক্ষে ভলিতে করা গোলটি আবার টুর্নামেন্ট-সেরার একটি। অবশ্য ক্যাহিলকে ছাড়া খেলতে নামলেও অস্ট্রেলিয়ার সামনে একটি সুবিধা হল, গোল পার্থক্যে তারা এগিয়ে স্পেনের চেয়ে। ওই হিসেবে তো আজ ড্র করলেই ‘লা রোজা’দের গ্রুপের শেষ অবস্থানে রেখে নিজেরা তৃতীয় হবে সকারুরা। সেটিই-বা কম কিসে!
এর আগে বিশ্বকাপের এই শেষ ম্যাচে দেল বস্ককে নিতে হবে আরো কিছু সিদ্ধান্ত। প্রথম দুই খেলায় জঘন্য কিপিং করা ইকের কাসিয়াসকে একাদশে রাখবেন কিনা, বিবর্ণ ফরোয়ার্ড দিয়েগো কস্তার জায়গায় দেশের সর্বোচ্চ গোলদাতা দাভিদ ভিয়াকে ফেরাবেন কিনা, কিংবদন্তি জাভিকে শেষ বিশ্বকাপ ম্যাচে খেলার সুযোগ দেবেন কিনা, ইত্যাদি ইত্যাদি। দেল বস্ক স্পষ্ট কিছু না বলে প্রতিশ্রুতি দিয়েছেন সেরা একাদশ মাঠে নামানোর, “আমার স্কোয়াডের সব ফুটবলারেরই একাদশে থাকার সুযোগ আছে। সম্ভাব্য সেরা দলই মাঠে নামাব আমরা।”
তরেসের বলা শেষ বাক্যটিই এখনকার স্পেনের সবচেয়ে বড় প্রতিফলক! গত ছয় বছর ধরে যারা ‘বর্তমান’-এর কথাই কেবল বলছিল, তাদের মুখে এখন ‘ভবিষ্যত’-এর বুলি। স্পেন যে ‘অতীত’ হয়ে গেছে, সেটি বোঝার জন্য আর কী চাই।
